Advertisement
E-Paper

রবিবার ডার্বিতেই কি লিগের ফয়সালা, বড় ম্যাচে হারা দলেরও কি সুযোগ থাকবে লিগ জেতার, নিয়ম কী?

রবিবার আইএসএলে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই ম্যাচে যে দল জিতবে তারাই কি ট্রফি জিতে যাবে? না কি যারা হারবে, তাদেরও একটা শেষ সুযোগ থাকবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:০১
football

আইএসএলের ট্রফি। — ফাইল চিত্র।

রবিবার আইএসএলে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই ম্যাচে যে দলই জিতবে তারাই ট্রফি জয়ের দিকে এক ধাপ এগিয়ে যাবে। তবে হারলেও সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। তার চেয়েও গুরুত্বপূর্ণ, ট্রফি জয়ের লড়াইয়ে শুধু এই দুই দলই নয়, আরও একটি দল রয়েছে দৌড়ে। কী হলে কী হতে পারে?

এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে বেঙ্গালুরু। ১৩ ম্যাচের তাদের ২৩ পয়েন্ট। আর কোনও ম্যাচ বাকি নেই তাদের। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলেরই ১১ ম্যাচে ২২ পয়েন্ট। অর্থাৎ দু’টি করে ম্যাচ বাকি থাকছে। পঞ্জাব এবং মুম্বইয়ের ১২ ম্যাচে ২২ পয়েন্ট করে।

রবিবারের ম্যাচে যে-ই জিতুক, তাদের ২৫ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে শেষ ম্যাচটি ড্র করলেই লিগ জিতবে তারা। কিন্তু রবিবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে কেউ হেরে গেলে আটকে থাকবে ২২ পয়েন্টে। সে ক্ষেত্রে শেষ ম্যাচে জিতলে সংশ্লিষ্ট দলের ২৫ পয়েন্ট হবে। যে দল জিতবে, তারা যদি শেষ ম্যাচে হারে তা হলে তারাও আটকে থাকবে ২৫ পয়েন্টে। পঞ্জাব এবং মুম্বই শেষ ম্যাচ খেলবে নিজেদের মধ্যেই। যে-ই জিতুক, ২৫ পয়েন্টের বেশি হবে না। অর্থাৎ সব ম্যাচ শেষে তিনটি দল ২৫ পয়েন্টে শেষ করতে পারে।

আইএসএলের নিয়ম অনুযায়ী, লিগের শেষে যদি দুই বা ততোধিক দল একই পয়েন্টে থাকে, তা হলে বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি দেখা হবে:

১) সংশ্লিষ্ট দলগুলির ম্যাচে যে দলের বেশি পয়েন্ট, তারা চ্যাম্পিয়ন।

২) সেই পয়েন্টও সমান হলে, সংশ্লিষ্ট দলগুলির ম্যাচে যাদের গোলপার্থক্য বেশি, তারা চ্যাম্পিয়ন।

৩) সেটিও সমান হলে, গোটা লিগের গোলপার্থক্য যাদের বেশি তারা চ্যাম্পিয়ন।

৪) সেটিও সমান হলে গোটা লিগে যারা বেশি গোল করেছে তারা চ্যাম্পিয়ন।

৫) সেটিও সমান হলে সবচেয়ে বেশি ফেয়ার প্লে র‌্যাঙ্কিং থাকা দল জিতবে।

৬) তাতেও ফয়সালা না হলে লটারি হবে।

ISL 2026 East Bengal Mohun Bagan Bengaluru FC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy