Advertisement
E-Paper

বাড়ির দেওয়ালে মেসির ম্যুরাল, উঠোনে মারাদোনার মূর্তি! ৭৮৭০ কিমি দূরে বসে লিয়োর হাতে আবার বিশ্বকাপ দেখছেন ভক্ত

তাঁর পুরো জীবনটাই আর্জেন্টিনাময়। তাঁর বাড়ির আনাচে কানাচে দিয়েগো মারাদোনা থেকে লিয়োনেল মেসির উপস্থিতি। এ বারও মেসির উপরেই ভরসা তাঁর ভক্তের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২০:৫৮
football

মেসির ম্যুরাল, মারাদোনার মূর্তি দিয়ে বাড়ি সাজিয়েছেন মিরোস্লাভ। ছবি: রয়টার্স।

দিয়েগো মারাদোনাকে কোনও দিন কাছ থেকে দেখেননি তিনি। দেখেননি লিয়োনেল মেসিকেও। অথচ শুক্রবার গভীর রাত ৩.৩০ মিনিটে মায়ামির মাঠে আর্জেন্টিনা যখন কাবো ভার্দের বিরুদ্ধে খেলতে নামবে, তখন ৭৮৭০ কিলোমিটার দূরে চেকিয়ার বুকোভকায় বসে মেসিদের জন্য গলা ফাটাবেন তিনি। মেসিদের সবচেয়ে বড় ভক্ত। মিরোস্লাভ আরবানেচ।

মিরোস্লাভের জীবনটা আর্জেন্টিনাকে ঘিরেই। প্রাগ থেকে ৯০ কিলোমিটার দূরে বুকোভকায় তাঁর তিনতলা বাড়ির রং আকাশি-সাদা। বাড়ির দেওয়ালে রয়েছে মেসির বিশাল ম্যুরাল। পাশাপাশি রয়েছে আর্জেন্টিনার পতাকা আঁকা। বাড়ির উঠোনে মারাদোনার একটি মূর্তি।

বাড়ির উঠোনে একটি ছোট্ট মাঠ বানিয়েছেন মিরোস্লাভ। সেখানে মারাদোনার বোকা জুনিয়র্সের ছবি লাগানো। রয়েছে মেসির বার্সেলোনা ও আর্জেন্টিনার জার্সি গায়ে বেশ কিছু ছবি। বাড়ির প্রাচীর জুড়েও রয়েছে মারাদোনা ও মেসি।

চার বছর বয়স থেকে আর্জেন্টিনার ভক্ত মিরোস্লাভ। তাতে তাঁর বাবার বড় হাত রয়েছে। মিরোস্লাভ বলেন, “চার বছর বয়সে ১৯৭৮ সালের বিশ্বকাপ দেখেছিলাম। বাবা প্রথম সব কিছু শিখিয়েছিল। সে বার আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জিতেছিল। তখন থেকেই মারিয়ো কেম্পেসদের ভক্ত আমি। পরে আমার মনে জায়গা করে নিয়েছেন মারাদোনা ও মেসি।”

৫১ বছরের মিরোস্লাভের বাড়ির ভিতরেও রয়েছেন মেসিরা। তাঁর চায়ের কাপে মেসির ছবি। প্লেটে রয়েছেন মারাদোনা। বাড়ির অন্দরমহল জুড়ে দুই তারকার অসংখ্য ছবি। মারাদোনা ও মেসির প্রায় ৩০টি জার্সি রয়েছে মিরোস্লাভের কাছে। তাঁর গাড়ির পিছনে মেসির ছবি আঁকা। সেখানে লেখা, “মেসির উপর ভরসা আছে।” নম্বর প্লেটের উপর লেখা মারাদোনার নাম। পয়সা খরচ করে এই নম্বর প্লেট তৈরি করেছেন তিনি। এমনকি, মোজাতেও মেসির ছবি আঁকা রয়েছে। সন্তানেরাও তাঁকে দেখে আর্জেন্টিনার ভক্ত হয়ে উঠেছে।

পেশায় মিউজ়িক প্রোমোটার মিরোস্লাভ জানিয়েছেন, এ বারও মেসির উপরেই ভরসা তাঁর। মিরোস্লাভ বলেন, “আমার ৭ বছরের ছেলের নাম রেখেছি লিয়োনেল। মেসির উপর আমার ১০০ শতাংশ ভরসা ছিল। এখনও আছে। গত বার উনি বিশ্বকাপ জিতেছেন। এ বারও জিতবেন। আর্জেন্টিনা সবচেয়ে সুন্দর ফুটবল খেলে। সেই খেলাতেই গোটা বিশ্বের মন জিতে নিয়েছেন মেসি।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
Lionel Messi Diego Maradona Argentina Football Argentina football fan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy