আইপিএলে খেলার জন্য মুখিয়ে। কিন্তু ইংল্যান্ডের জার্সিতে বল করতে গেলেই নাকি তিনি ক্লান্ত হয়ে পড়েন। বেন স্টোকসের বিরুদ্ধে এই অভিযোগই তুলেছিলেন এক ভক্ত। বৃহস্পতিবার পাল্টা টুইট করে এই বক্তব্যের জবাব দিয়েছেন ইংরেজ অলরাউন্ডার।
স্টোকসের একটি সাক্ষাৎকার নিয়েছিল ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘স্কাই স্পোর্টস’। সেখানেই রজার নামের ওই ব্যক্তি লিখেছেন, “আবার ও পাউন্ডের পিছনে দৌড়চ্ছে। ইংল্যান্ডের জার্সিতে ফিরে এলেই বলবে ক্লান্ত হয়ে পড়েছে।” এই মন্তব্যকেই রিটুইট করে স্টোকস লিখেছেন, “কোনও দিন কি আমাকে ইংল্যান্ডের জার্সিতে বল করতে গিয়ে ক্লান্ত দেখিয়েছে বন্ধু?”
সাক্ষাৎকারে ভারতে আইপিএল ফেরা নিয়ে অনেক কথাই বলেছেন তিনি। স্টোকসের কথায়, “ভারতে প্রতিযোগিতা ফিরছে। এর থেকে ভাল কিছু হতে পারে না। আশা করি কোনও এক সময় দর্শকরাও মাঠে ফিরবেন। কারণ ওরা খেলাটার গুরুত্বপূর্ণ অঙ্গ। অল্প সময়ের জন্যে হলেও ভারতের বিরুদ্ধে সিরিজে ওদের মাঠে ফিরতে দেখে ভাল লেগেছিল।”
When have I ever been to tired to bowl in a England shirt pal??? https://t.co/854pfJRDXA
— Ben Stokes (@benstokes38) March 31, 2021