Advertisement
E-Paper

প্লে-অফ অনেক দূর! কিন্তু এখন থেকেই শেষ চারে নামতে তৈরি রিঙ্কু, কী বলছেন কলকাতার নায়ক?

এখনও প্লে-অফ থেকে অনেক দূরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন থেকেই প্লে-অফে নামতে তৈরি দলের ব্যাটার রিঙ্কু সিংহ। কী বলছেন তিনি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৩ ২১:৫১
Rinku Singh

কলকাতা নাইট রাইডার্সের হয়ে নতুন ফিনিশারের কাজ করছেন রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র

বৃহস্পতিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে তারা। রাজস্থানকে হারাতে পারলে সেই দৌড়ে আরও খানিকটা এগিয়ে যাবে কলকাতা। সেই খেলাতেও কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম প্রধান ভরসা সেই রিঙ্কুই। এখন থেকেই প্লে-অফে নামতে তৈরি তিনি।

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রিঙ্কুকে প্লে-অফ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘প্লে-অফ নিয়ে দলের মধ্যে খুব বেশি কথা হচ্ছে না। আমরা যদি পরের তিনটে ম্যাচ জিতে যাই তা হলেই প্লে-অফে উঠে যাব।’’ রিঙ্কু মুখে সে কথা বললেও কেকেআর পরের তিন ম্যাচ জিতলেই কিন্তু প্লে-অফ নিশ্চিত হবে না। কারণ, সর্বোচ্চ ১৬ পয়েন্টে যাওয়ার সুযোগ রয়েছে কলকাতার। ১৮ পয়েন্ট হলে প্লে-অফ নিশ্চিত বলা যেতে পারে। আর এ বার প্রতিটা দলই খুব কাছাকাছি রয়েছে। ফলে এখনও কারও প্লে-অফ নিশ্চিত হয়নি। কিন্তু এখন থেকেই শেষ চারের কথা ভাবছেন রিঙ্কু।

এ বারের আইপিএলে ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছে রিঙ্কুকে। কেকেআর যে পাঁচটি ম্যাচে জিতেছে তার সবগুলিতেই রিঙ্কুর অবদান রয়েছে। কী ভাবে কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখেন সে কথাও বলেছেন কেকেআর ব্যাটার। রিঙ্কুর কথায়, ‘‘আমার কাজই শেষ দিকে নেমে দলকে জেতানো। শুধু কেকেআর নয়, উত্তরপ্রদেশের হয়েও এই কাজটা করি আমি। আর শেষ দিকে নেমে খেলা শেষ করার জন্য মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। তা হলে অতিরিক্ত চাপ পড়ে না। সেই কারণ যতটা পারি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি।’’

অনুশীলনে সতীর্থদের থেকে বেশি সময় কাটান রিঙ্কু। তাঁকে আলাদা করে নকিং করতে দেখা যায়। তার নেপথ্য কারণও জানিয়েছেন কেকেআর ব্যাটার। রিঙ্কু বলেছেন, ‘‘আমি অনেক দিন ধরে এটা করছি। এখন অভ্যাস হয়ে গিয়েছে। নেটে ব্যাট করার আগে আলাদা করে নকিং করি। এতে নিজের আত্মবিশ্বাস বাড়ে। অনুশীলনে পরিশ্রম করলে তবেই তো ম্যাচে ভাল খেলতে পারব। তাই অনুশীলনে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করি।’’

Rinku Singh IPL 2023 KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy