E-Paper

অল ইংল্যান্ডের হার থেকে শিক্ষা নিতে চান লক্ষ্য

বার্মিংহাম থেকে দেশে ফেরার পরে মঙ্গলবার সংবাদিকদের লক্ষ্য বলেছেন, ‘‘সব মিলিয়ে সপ্তাহটা ভালই গিয়েছে। ফাইনালে দ্বিতীয় বার উঠেও জিততে পারিনি। ম্যাচটার পরে কিছুটা হতাশ লাগছিল।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৮:২৭
মরিয়া: কোর্টে আরও তীক্ষ্ণ হয়ে উঠতে চান লক্ষ্য।

মরিয়া: কোর্টে আরও তীক্ষ্ণ হয়ে উঠতে চান লক্ষ্য। —ফাইল চিত্র।

দ্বিতীয় বার অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে উঠেও ট্রফি জিততে পারলেন না লক্ষ্য সেন। মেটাতে পারলেন না পুল্লেলা গোপীচন্দের পরে প্রথম ভারতীয় হিসেবে এই ট্রফি জেতার ২৫ বছরের অপেক্ষা মেটাতে। সে জন্য ‘‘কিছুটা হতাশ’’ হলেও এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি।

বার্মিংহাম থেকে দেশে ফেরার পরে মঙ্গলবার সংবাদিকদের লক্ষ্য বলেছেন, ‘‘সব মিলিয়ে সপ্তাহটা ভালই গিয়েছে। ফাইনালে দ্বিতীয় বার উঠেও জিততে পারিনি। ম্যাচটার পরে কিছুটা হতাশ লাগছিল। তবে পুরো প্রতিযোগিতায় আমি কেমন খেলেছি সে দিকে দেখলে কিছু ভাল জয় আছে, যেটা আগামী প্রতিযোগিতাগুলোয় আমায় ভাল ফল করতে সাহায্য করবে।’’

অল ইংল্যান্ডে লক্ষ্যকে কয়েকটি লম্বা ম্যাচ খেলতে হয়েছে। তিনি প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় কোর্টে কাটিয়েছেন বার্মিংহামে এ বার। এর মধ্যে সেমিফাইনালে প্রায় ১০০ মিনিট খেলতে হয়েছে। ম্যাচের শেষের দিকে পায়ে পেশির টানের সমস্যাও কাটিয়ে উঠে জিততে হয় বিশ্বের ১২ নম্বরকে। তাই এই অভিজ্ঞতার পরে কোন কোন প্রতিযোগিতায় অংশ নিতে হবে তা নিয়ে ভারসাম্য রাখা, ক্লান্তি কাটিয়ে ওঠা ও খাদ্যাভাস নিয়ে আরও সতর্ক থাকার উপরে জোর দেওয়ার কথা ভাবছেন লক্ষ্য। তিনি বলেছেন, ‘‘প্রচুর শারীরিক শক্তির প্রয়োজন হয় এই প্রতিযোগিতাগুলোয়। আমি এখন তো আর ২০ বছর বয়সির মতো দ্রুত ক্লান্তি কাটিয়ে উঠতে পারব না,’’ বলেছেন ২৪ বছর বয়সি ভারতীয় তারকা। সঙ্গে যোগ করেছেন, ‘‘এটা বলছি না যে আমার বয়স হয়ে গিয়েছে। তবে প্রস্তুতি নেওয়ার দিক থেকে কিছু পরিবর্তন করতে হয়। বিশেষ করে খাদ্যাভাসে। আমার যখন ২১-২২ বয়স ছিল, যাই খেতাম না কেন ওজন বাড়ত না। কিন্তু এখন তো আর সে রকম নয়। কী খাচ্ছি তা নিয়ে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে।’’

তার পাশাপাশি যে ভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতার সূচিতে ক্রমশ চাপ বাড়ছে তাতে কখন কখন বিশ্রাম নিতে হবে সে কথাও আলাদা করে ভাবতে হবে বলে মনে করেন তিনি। ‘‘আমার কাঁধে চোট ছিল। সেই চোটের জন্য আমি যে রকম আক্রমণাত্মক খেলি সেটা অতটা পারছিলাম না। তাই যত সময় এগোয় আমি কতটা জোর দিতে পারছি, কতগুলো ম্যাচ খেলতে পারছি, সেটাও দেখতে হয়। তার সঙ্গে গুরুত্বপূর্ণ হল বিশ্রাম নেওয়াও,’’ বলেছেন লক্ষ্য।

এর পরে লক্ষ্যের সামনে বড় প্রতিযোগিতা হল এশীয় চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ। যা নিয়ে লক্ষ্য বলেছেন, ‘‘এই দুটো আমার কাছে খুব বড় প্রতিযোগিতা। আমাকে টিমের সঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে অল ইংল্যান্ড কেমন গেল সেটা নিয়ে। তার সঙ্গে আগামী প্রতিযোগিতাগুলোর জন্য কী ভাবে প্রস্তুতি নিতে হবে তা নিয়ে। তার পরে আমার খেলা আরও তীক্ষ্ণ করার দিকে জোর দেব।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

All England Open Lakshya Sen Indian badminton player

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy