হকি ডার্বিতে বড় জয় মোহনবাগানের। কলকাতা প্রিমিয়ার হকি লিগের ম্যাচে ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে হারাল তারা। গত বার এই প্রতিযোগিতার ডার্বিতেই দু’দলের সমর্থকদের মধ্যে বচসা হয়েছিল। সে বার খেলা ছিল মোহনবাহান মাঠে। তবে এ বার কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাঠে দাপট দেখিয়েছে মোহনবাগান। মুখে হাসি নিয়ে মাঠ ছেড়েছেন সবুজ-মেরুন সমর্থকেরা।
যুবভারতীর নবনির্মিত অ্যাস্ট্রোটার্ফে মোহনবাগানের হয়ে জোড়়া গোল করেন ববি সিংহ ধামি। একটি করে গোল মহম্মদ রাহিল ও শ্রেয়স ধুপের। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সিমরনজ্যোৎ সিংহ।
এত দিনে যুবভারতীতে শুধু ফুটবলই হত। কিন্তু এ বার সেখানে দেখা গেল হকি ম্যাচও। প্রথম বার এই মাঠে খেলতে নেমে ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিল মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে নামেন বাগান খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত সেই আগ্রাসন বজায় রাখেন তাঁরা।
আরও পড়ুন:
মোহনবাগানের সদ্য প্রয়াত সমর্থক শান্তি চক্রবর্তীকে স্মরণ করে টিফো নামান সবুজ-মেরুন সমর্থকেরা। প্রচুর সমর্থক হাজির হয়েছিলেন। তাঁদের সামনে দলকে জেতাতে পেরে খুশি ববি। জয়ের নায়ক ম্যাচ শেষে বলেন, “দল জিতেছে, সেটাই বড় কথা। ডার্বি জয় খুব গুরুত্বপূর্ণ ছিল।” এই জয়ের ফলে হকি লিগ জয়ের পথে আরও এগিয়ে গেল মোহনবাগান। এই প্রসঙ্গে ববি বলেন, “আমাদের লক্ষ্য ট্রফি জেতা। এ বার সেই লক্ষ্যে এগিয়ে যাব।”