গত দু’মাসে বার বার সংবাদের শিরোনামে এসেছে তারা। কখনও হোটেলের বিল মেটাতে না পেরে খেলোয়াড়দের বাসন ধোয়ার কারণে, কখনও সংস্থার বিরুদ্ধে খেলোয়াড়দের তোপ দাগায়। এ বার নতুন বিতর্কে পাকিস্তানের হকি সংস্থা। গুরুত্বপূর্ণ দু’টি প্রতিযোগিতার আগে আচমকাই দলের কোচকে ছেঁটে ফেলল তারা। সংস্থার সিদ্ধান্তে অবাক খেলোয়াড়েরা।
আট বছর পর হকি বিশ্বকাপে খেলবে পাকিস্তান। হঠাৎই অস্ট্রেলীয় কোচ কলিন ব্যাচকে ছেঁটে ফেলা হয়েছে। তাঁর প্রশিক্ষণেই দল বিশ্বকাপে উঠেছিল। সেই জায়গায় প্রাক্তন অলিম্পিয়ান মনজ়ুর উল হাসানকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রো নেশন্স লিগ এবং বিশ্বকাপে কোচিংয়ের দায়িত্ব সামলাবেন। ’৭০ এবং ’৮০-এর দশকে নামী ডিফেন্ডার ছিলেন মনজ়ুর।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের হকি খেলোয়াড়েরা এই সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছেন। ব্যাচের সঙ্গে হকি খেলোয়াড়দের একটা সখ্যতা তৈরি হয়ে গিয়েছিল। তাঁর অভিজ্ঞতা এবং বুদ্ধি দলের সঙ্গে ভাগ করে নিতেন ব্যাচ। আধুনিক হকিতে সফল হওয়ার পথও বাতলে দিয়েছেন। তাঁকেই সরিয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তানের এক খেলোয়াড় বলেছেন, “আমরা সকলেই কলিন ব্যাচের অধীনে খুশি ছিলাম। উনি অভিজ্ঞ কোচ এবং আধুনিক হকির সব কৌশল জানতেন। বিশ্বকাপের মতো প্রতিযোগিতার আগে ওঁর সান্নিধ্যে থাকলে ভালই হত। এখন এই আঘাত আমরা পেলাম। মনে হচ্ছে ধ্বংসের পথ প্রশস্ত করা হচ্ছে।”
আরও পড়ুন:
শোনা গিয়েছে, পাকিস্তান হকি সংস্থার ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে যোগাযোগ করতে চলেছেন বেশ কিছু খেলোয়াড়। অবিলম্বে ব্যাচকে ফেরানোর দাবি জানাবেন তাঁরা। শুধু কোচ নয়, জাতীয় নির্বাচক কমিটিও বদলে ফেলা হয়েছে। তাঁর নেতৃত্বে প্রাক্তন অলিম্পিয়ান সামিউল্লাহ খান।