Advertisement
E-Paper

প্রথম রাউন্ডেই হার সিন্ধুর, অল ইংল্যান্ড থেকে বিদায় ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরে গেলেন পিভি সিন্ধু। চিনা প্রতিপক্ষের কাছে স্ট্রেট গেমে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৭:৪৮
Picture of PV Sindhu

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে হার পিভি সিন্ধুর। চিনা প্রতিযোগীর কাছে হেরে ছিটকে গেলেন তিনি। —ফাইল চিত্র

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ভারতের পুসারলা ভেঙ্কট সিন্ধু। চিনা প্রতিযোগী মান ঝাংয়ের কাছে স্ট্রেট গেমে হেরে গেলেন সিন্ধু। খেলার ফল তাঁর বিপক্ষে ১৭-২১, ১১-২১।

খেলার শুরুটা অবশ্য খারাপ করেননি নবম বাছাই সিন্ধু। ক্রমতালিকায় তাঁর থেকে আট ধাপ পিছনে থাকা ঝাংয়ের বিরুদ্ধে শুরু থেকে টান টান খেলা চলছিল। এক বার সিন্ধু এগোচ্ছিলেন, তো পরের মুহূর্তেই এগিয়ে যাচ্ছিলেন ঝাং। কিন্তু শেষ দিকে আর পারলেন না সিন্ধু। লম্বা র‌্যালি খেলে তাঁকে চাপে ফেললেন ঝাং। বোঝা যাচ্ছিল, সিন্ধু ক্লান্ত হয়ে পড়ছেন। পর পর সাতটি পয়েন্ট তুলে নেন ঝাং। শেষ পর্যন্ত ২১-১৭ প্রথম গেম জিতে নেন তিনি।

দ্বিতীয় গেমে অবশ্য সিন্ধু দাঁড়াতেই পারলেন না ঝাংয়ের সামনে। প্রথম থেকেই এগিয়ে যান চিনা প্রতিযোগী। এক বারও ম্যাচে ফিরতে পারেননি সিন্ধু। যত সময় এগোচ্ছিল, ব্যবধান তত বাড়ছিল। সিন্ধুর হার নিশ্চিত হয়ে গিয়েছিল। তিনি নিজেও যে হার স্বীকার করে নিয়েছেন তা ধরা পড়ছিল সিন্ধুর চোখেমুখে। শেষ পর্যন্ত ২১-১১ দ্বিতীয় গেম জিতে ম্যাচ জিতে যান ঝাং।

সাইনা নেহওয়াল আগেই অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন। এ বার সিন্ধু ছিটকে যাওয়ায় অল ইংল্যান্ডে মহিলাদের সিঙ্গলসে ভারতের আর কোনও প্রতিযোগী থাকল না।

PV Sindhu All England Open badminton
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy