পাহাড় টানতে শুরু করেছিল সেই ছোট্টবেলা থেকে। কাকুর হাত ধরে বেরিয়ে পড়া। শুরু পাহাড় চড়ার। তার পর থেকে যেন ওটাই জীবন হয়ে গেল। এখন সামনে নতুন লক্ষ্য। সঙ্গে একটা সাইকেল। দু’চাকায় পাহাড়ি এবড়োখেবড়ো রাস্তায় জীবনের খোঁজে সুদীপ্ত।
সাইকেলে কাশ্মীর থেকে অরুণাচল। লক্ষ্যটা যদিও একটু অন্য রকম। দেশের অনেক অনাথ ছেলেমেয়েদের কথা ভেবেই এই যাত্রা সুদীপ্ত পালের। এক সংস্থার উদ্যোগে এই প্রথম সাইকেল নিয়ে চার মাসের জন্য চলার শুরু সুদীপ্তর। শুরু করতে চলেছেন কাশ্মীর থেকে। শেষ করবেন অরুণাচলের ওয়ালংয়ে। এই মুহূর্তে জম্মুতে রয়েছেন সুদীপ্ত। সেখান থেকেই ফোনে বলছিলেন, ‘‘এখনও ওয়ালংয়ের পারমিট পাইনি। না পেলে অন্য জায়গায় শেষ করব। সেটা ওয়ালং থেকে ছ’কিলোমিটার আগে।’’
মাঝে সুদীপ্ত পেরিয়ে যাবেন হিমাচল প্রদেশ, নেপাল, ভুটানের অনেকটা পথ। বলছিলেন, ‘‘মাঝে কল্পার ওখানে একটি অনামী শৃঙ্গে ওঠার পরিকল্পনা রয়েছে। পুরো পথটাই খুব খারাপ। কোথাও রাস্তার উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে, রাস্তা ভাঙা। সেই পথ ধরেই চার মাসের যাত্রা বারাসতের ছেলের। পাহাড়ি গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেওয়া শিক্ষার বার্তা। সুদীপ্তকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার অরুণ লাল। ফ্ল্যাগ অফ করে তিনিই সুদীপ্তের যাত্রা শুরু করেন। চার মাসে শেষ করাটাই লক্ষ্য। দেখে নেওয়া যাক সুদীপ্তর কিছু ছবি।
আরও দেখুন