Advertisement
E-Paper

কব্জির চোটে কাবু আলকারাজ়! ফরাসি ওপেনে অনিশ্চিত গত বারের চ্যাম্পিয়ন

কব্জিতে চোট পেয়েছেন কার্লোস আলকারাজ়। এই পরিস্থিতিতে ফরাসি ওপেনে তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৩০
sports

কার্লোস আলকারাজ়। —ফাইল চিত্র।

চিন্তা বাড়ছে কার্লোস আলকারাজ়ের। কব্জির চোটে কাবু তিনি। তার জেরে বাধা পেয়েছে প্রস্তুতি। ২৪ মে থেকে শুরু ফরাসি ওপেন। লাল সুরকির কোর্টে তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ফরাসি ওপেনের দু’বারের চ্যাম্পিয়ন আলকারাজ় জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে তাঁর মেডিক্যাল পরীক্ষা হবে। তার পরেই তিনি বুঝতে পারবেন যে, তাঁর চোট ঠিক কী জায়গায় রয়েছে। সেই পরীক্ষার পরেই তাঁর কোর্টে নামার সময় জানা যাবে।

মাদ্রিদে একটি পুরস্কার অনুষ্ঠানে আলকারাজ় বলেন, “দেখা যাক। পরের মেডিক্যাল পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। কোর্টে ফেরার সব রকম চেষ্টা করব। ধৈর্য রাখছি। এখনও জানি না, চোট কতটা সেরেছে। পরীক্ষার পরেই সবটা জানতে পারব।”

Advertisement

সময় কম থাকলেও আশা রাখছেন ফরাসি ওপেনের গত বারের চ্যাম্পিয়ন। আলকারাজ় বলেন, “ইতিবাচক থাকার চেষ্টা করছি। সময় কম। জানি না, রিপোর্টে কী দেখা যাবে। কিন্তু এখন থেকেই নেতিবাচক কিছু ভাবছি না। আশা করছি, খেলতে পারব।”

মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে পুরুষদের সিঙ্গলসে এক নম্বর আসন হারিয়েছেন আলকারাজ়। পরে বার্সেলোনা মাস্টার্সের প্রথম রাউন্ডের পরেই নাম তুলে নেন তিনি। সেই ম্যাচেই কব্জিতে চোট পান আলকারাজ়। স্ট্রেট সেটে ম্যাচ জিতলেও আর ঝুঁকি নিতে চাননি তিনি। তার পর মাদ্রিদ ওপেন থেকে নাম তুলে নিয়েছেন তিনি। এ বার তাঁর ফরাসি ওপেনে নামা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

গত বার ফরাসি ওপেনের ফাইনালে প্রথম দুই সেটে পিছিয়ে থাকার পর তৃতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে মহাকাব্যিক প্রত্যাবর্তনে সিনারকে হারান আলকারাজ়। সেই ম্যাচ নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। গত দু’বছর ধরে প্রায় প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে আলকারাজ় বনাম সিনারের লড়াই দেখা গিয়েছে। এ বার ফরাসি ওপেনে কি সেটা দেখা যাবে? উত্তর মিলবে কয়েক দিনের মধ্যেই।

Carlos Alcaraz French Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy