Advertisement
E-Paper

শুরু অনুশীলন, অবসর ভেঙে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরবেন সেরিনা, বিশ্বাস ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীর প্রাক্তন কোচের

প্রতিভাবান টেনিস খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছেন সেরিনা উইলিয়ামস। এক বন্ধুর স‌ঙ্গে ফ্লরিডায় ম্যাচ অনুশীলনও শুরু করেছেন। তিনি আবার পেশাদার টেনিসে ফিরবেন বলে মনে করছেন তাঁর প্রাক্তন কোচ রিক ম্যাকি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৬
Picture of Serena Williams

সেরিনা উইলিয়ামস। —ফাইল চিত্র।

টেনিসে ফিরতে চলেছেন সেরিনা উইলিয়ামস। জানিয়েছেন ২৩ বার গ্র্যান্ড স্ল্যামজয়ীর প্রাক্তন কোচ রিক ম্যাকি। কোর্টে ফেরার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ৪৪ বছরের সেরিনা। দুই সন্তানের মা নিজে অবশ্য এ ব্যাপারে কিছু জানাননি।

২০১৭ সালে শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরিনা। ২০২২ সালে ইউএস ওপেনে শেষ খেলেন তিনি। শেষ পাঁচ বছর পেশাদার সার্কিটে কিছুটা অনিয়মিত ছিলেন। গত বছর সেরিনা আবার টেনিসের ডোপ-পরীক্ষার তালিকায় নাম নথিভুক্ত করিয়েছেন। তা থেকেই ম্যাকির দৃঢ় বিশ্বাস, সেরিনা আবার পেশাদার টেনিসে ফিরবেন। যদিও আগে আবার কোর্টে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন সেরিনা নিজেই।

এক সাক্ষাৎকারে ম্যাকি বলেছেন, ‘‘সেরিনা অনুশীলন শুরু করেছে। কয়েক জন প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে ট্রেনিং করছে। অ্যালিসিয়া পার্কের সঙ্গে ম্যাচ অনুশীলনও করছে। সেরিনার খুব ভাল বন্ধু অ্যালিসিয়া। ও দক্ষিণ ফ্লরিডায় থাকে। সেরিনার কোর্টে ফেরা নিয়ে আমার কোনও সংশয় নেই। সময় হলে আবার ওকে কোর্টে দেখব আমরা। হয়তো দিদি ভিনাসের সঙ্গে ডাবলস খেলবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘সেরিনাকে যতদূর চিনি, তাতে শুধু ডাবলস খেলবে বলে মনে হয় না। ও ফিরলে পুরোপুরি ফিরবে। ও যদি মনে করে নিজের সেরাটা দিতে পারবে না, ম্যাচ জিততে পারবে না, তা হলে ফিরবে না। এটুকু বলতে পারি, ফিরলে ১০০ শতাংশ প্রতিযোগিতামূলক টেনিস খেলবে।’’

সেরিনা এবং ভিনাস উইলিয়ামসকে ৭১ বছরের ম্যাকি কোচিং করিয়েছেন বেশ কয়েক বছর। তাঁর অ্যাকাডেমিতে দুই মেয়েকে ভর্তি করিয়ে দিয়েছিলেন সেরিনার বাবা রিচার্ড উইলিয়ামস। মূলত ম্যাকির হাতেই গড়ে উঠেছেন সেরিনা এবং ভিনাস। ছোট থেকে দুই বোনকে চেনা ম্যাকির বিশ্বাস, ভিনাসের মতো সেরিনাকেও আবার খেলতে দেখবেন।

২০২২ সালের সেপ্টেম্বরে পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছিলেন সেরিনা। ২০১৭ সালের নভেম্বরে বিয়ের পর কোর্টে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন। বিয়ের আগেই ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন সেরিনা। ২০২৩ সালে তাঁর দ্বিতীয় সন্তান হয়। উল্লেখ্য, ভিনাসও এক বছরের বিরতির পর ২০২৫ সালে আবার কোর্টে ফিরেছেন। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনেও খেলেছেন ৪৫ বছরের ভিনাস। তাঁর ঝুলিতে রয়েছে সাতটি গ্র্যান্ড স্ল্যাম।

Serena Williams Tennis coach Come Back
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy