দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
প্রতীক্ষার অবসান। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। মহারণে মুখোমুখি ভারত ও নিউ জ়িল্যান্ড। সূর্যকুমার যাদবের দলের সামনে পর পর দু’বার বিশ্বকাপ জেতার সুযোগ। ২০২৪ সালেও ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এ বার কি ভারত পারবে? অহমদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। নিউ জ়িল্যান্ড এই নিয়ে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে। ২০২১ সালে তারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এ বার কি কিউয়িরা বিশ্বজয়ের স্বাদ পাবেন? ফাইনাল শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজও ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না চলবে। ওই মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের মাধ্যমে ‘গণতন্ত্র হত্যার প্রতিবাদ’ এবং রাজ্যের বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের ‘চক্রান্তের’ বিরুদ্ধে শুক্রবার থেকে ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। শনিবার, মমতা বুঝিয়ে দেন, এখনই ধর্না শেষ হচ্ছে না। আপাতত সোমবার পর্যন্ত যে ধর্না চলবে, তার ইঙ্গিতও দিয়েছেন।
দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে। তার প্রতিবাদে আজ, আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পথে নামছে তৃণমূল। তার নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধর্নাস্থল থেকে তিনি মহিলাদের কালো শাড়ি পরে হাতা, খুন্তি নিয়ে মিছিলে উপস্থিত হতে বলেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে সভা করেছেন, সেই মাঠেই এ বার পাল্টা সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলায় রায়দিঘির একটি মাঠে গত সোমবার শাহের সভা হয়। ওই একই মাঠে আজ সভা করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। এই সভার দিকে নজর থাকবে।
ইতিহাস থেকে এক কদম দূরে লক্ষ্য সেন। আজ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের ফাইনাল খেলতে নামবেন এই বাঙালি খেলোয়াড়। বিশ্ব ব্যাডমিন্টনে এই প্রতিযোগিতাকেই সবচেয়ে ঐতিহ্যশালী ধরা হয়। ভারতীয়দের মধ্যে প্রকাশ পাড়ুকোন এবং পুল্লেলা গোপীচন্দই শুধু এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। লক্ষ্য জিতলে ভারতের ব্যাডমিন্টনে নতুন ইতিহাস তৈরি হবে। পারবেন কি তিনি? খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার মেয়েদের টেস্টের আজ তৃতীয় দিনের খেলা। পার্থের ওয়াকায় এটি চার দিনের ম্যাচ। সিরিজ়ের এটিই একমাত্র টেস্ট। দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১২৫ রানের লিড নিয়েছে। সায়লী সাথঘারে ৪ উইকেট নিলেও ভারতীয় বোলারদের শাসন করেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ১২৯ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে ভারত দিনের শেষে ৬ উইকেটে ১০৫ রান তুলেছে। ইনিংস হার এড়াতে এখনও ২০ রান দরকার। আজ খেলা শুরু সকাল ১০:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ওই দিন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। জেলার সব জায়গায় বৃষ্টি না-ও হতে পারে।