অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শুরুতেই চমক লক্ষ্য সেনের। প্রথম রাউন্ডেই ভারতীয় তারকা হারিয়ে দিলেন বিশ্বের এক নম্বর শি ইউকিকে। লক্ষ্যের পক্ষে ম্যাচের ফল ২৩-২১, ১৯-২১, ২১-১৭।
চিনের খেলোয়াড়ের সঙ্গে ১ ঘণ্টা ১৮ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নেন লক্ষ্য। ম্যাচের প্রথম থেকেই দুই প্রতিপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথম গেম লক্ষ্য জেতেন ২৩-২১ ব্যবধানে। ৩৫ শটের র্যালি খেলে গেম পয়েন্ট জেতেন ভারতীয় খেলোয়াড়।
প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমেও আগ্রাসী মেজাজে শুরু করেন লক্ষ্য। এক সময় ৮-৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু তার পর ইউপির এগিয়ে যান। টানা পাঁচটি পয়েন্ট জিতে নেন চিনের খেলোয়াড়। ৮-১১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর লক্ষ্য আর গেম দখলে রাখতে পারেননি। শেষ পর্যন্ত হেরে যান ১৯-২১ ব্যবধানে।
আরও পড়ুন:
নির্ণায়ক তৃতীয় গেমেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। একটা সময় পর্যন্ত সমানে সমানে লড়াই চললেও লক্ষ্যের ধারাবাহিক আক্রমণের সামনে শেষ দিকে আর পারেননি ইউকি। ২১-১৭ ব্যবধানে গেম এবং ম্যাচ জিতে নেন বিশ্বের ১২ নম্বর লক্ষ্য। দ্বিতীয় রাউন্ডে লক্ষ্যকে খেলতে হবে হংকংয়ের অ্যানগাস এনজি কা লংয়ের বিরুদ্ধে।