Advertisement
E-Paper

৬ জুলাই নির্বাচন সর্বভারতীয় কুস্তি সংস্থার, সেদিনই ফলাফল ঘোষণা

অবশেষে নির্বাচন হচ্ছে সর্বভারতীয় কুস্তি সংস্থার। দ্রুত নির্বাচন না হলে নির্বাসনের হুঁশিয়ারি দিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। তার পরই দ্রুত নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ২৩:১৬
picture of wresting

—প্রতীকী ছবি।

ঘোষণা হল সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের দিন। আগামী ৬ জুলাই হবে নির্বাচন। সে দিনই ফলাফল জানা যাবে। সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে দেশের সেরা কুস্তিগিরদের একাংশ হেনস্থার অভিযোগ আনার পর বিশ্ব কুস্তি সংস্থার নির্দেশে তড়িঘড়ি নির্বাচনের ব্যবস্থা করেছেন কুস্তি কর্তারা।

দ্রুত নির্বাচন না হলে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসিত করার হুঁশিয়ারি দিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। সোমবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অবসরপ্রাপ্ত বিচারপতি মহেশ মিত্তল কুমারের নাম রিটার্নিং অফিসার হিসাবে ঘোষণা করে। দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই তিনি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলেক্টোরাল কলেজ গঠনের জন্য প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নাম পাঠাতে হবে ১৯ জুনের মধ্যে। ২২ জুনের মধ্যে শেষ হবে বাছাই পর্ব। প্রতিটি অনুমোদিত সংস্থার দু’জন করে প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেকে একটি করে ভোট দিতে পারবেন। এর ফলে সর্বভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনে মোট ভোটার সংখ্যা হবে ৫০। জানানো হয়েছে সর্বভারতীয় কুস্তি সংস্থা এর আগে যে সংস্থাগুলির অনুমোদন বাতিল করেছিল বিভিন্ন কারণে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সে জন্য তাদের আবেদন করতে হবে।

মনোনয়ন পত্র জমা দেওয়ার যাবে ২৩ জুন থেকে ২৫ জুন। মনোনয়ন পত্র পরীক্ষা হবে ২৮ জুন। ১ জুলাই অনিচ্ছুক প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারবেন। ২ জুলাই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন হবে ৬ জুলাই। সে দিনই ফলাফল ঘোষণা করা হবে।

অন্য দিকে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সময় মহিলা কুস্তিগিরদের সঙ্গে অশালীন আচরণ এবং যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তের গতি বাড়িয়েছে দিল্লি পুলিশ। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগের সত্যতা যাচাই করতে ইন্দোনেশিয়া, বুলগেরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া এবং কিরঘিজস্তানের কুস্তি সংস্থার কাছ থেকে কিছু প্রতিযোগিতার ভিডিয়ো এবং ছবি চাওয়া হয়েছে। চাওয়া হয়েছে প্রতিযোগিতা, অনুশীলনের জায়গা এবং কুস্তিগিরদের থাকার জায়গায় ব্যবহার করা সিসিটিভির ছবিও। তদন্তে সাহায্য চেয়ে এই দেশগুলির কুস্তি সংস্থাকে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ।

Wrestling Elections Brijbhushan Sharan Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy