Advertisement
E-Paper

টুকরো খবর

ক্যারিশমা? আছে। প্রখর ফুটবল-বুদ্ধি? আছে। সাহস? সেটাও মজুত। বিশ্বকাপ নকআউটে লুই ফান গলের মতো পোড়খাওয়া কোচের টক্কর নিতে বিপক্ষ কোচের যা যা থাকা উচিত, সব আছে মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরার মধ্যে। স্যুট পরা মোটাসোটা যে চেহারার টাচলাইনের ধারে উত্তেজিত নাচানাচি এত দিনে চিনে গিয়েছে ফুটবল-বিশ্ব।

শেষ আপডেট: ২৯ জুন ২০১৪ ০৩:৫১

ইতিহাস গড়তে তৈরি টিম হেরেরা

নিজস্ব প্রতিবেদন

ক্যারিশমা? আছে। প্রখর ফুটবল-বুদ্ধি? আছে। সাহস? সেটাও মজুত। বিশ্বকাপ নকআউটে লুই ফান গলের মতো পোড়খাওয়া কোচের টক্কর নিতে বিপক্ষ কোচের যা যা থাকা উচিত, সব আছে মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরার মধ্যে। স্যুট পরা মোটাসোটা যে চেহারার টাচলাইনের ধারে উত্তেজিত নাচানাচি এত দিনে চিনে গিয়েছে ফুটবল-বিশ্ব। তারকাহীন মেক্সিকো দলের তিনিই এখন সবচেয়ে বড় তারকা। ফুটবল-অন্ধকার থেকে টিমটাকে বিশ্বকাপ নকআউটে টেনে তোলার নায়ক। ব্রাজিল, ক্যামেরুনের সঙ্গে কঠিন গ্রুপে পড়ে মেক্সিকো যে সেই গ্রুপের শীর্ষে ওঠার খুব কাছে চলে এসেছিল, তার মাস্টারমাইন্ড। মেক্সিকোর যে গোলকিপার ওচোয়া গ্রুপ ম্যাচে ব্রাজিলকে আটকে দেন, তাঁকেও তো একপ্রকার নির্বাসন থেকে ফিরিয়ে এনেছিলেন হেরেরা। টুইটারে তাঁর প্রায় সাড়ে সাত লক্ষ ফলোয়ার রয়েছে। কিন্তু তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ, গোটা টিমের কাছে প্রচণ্ড জনপ্রিয় হেরেরা। এই নিয়ে চতুর্থ বার বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন রাফায়েল মার্কেজ। কোচ নিয়ে তাঁর মন্তব্য, “মিগুয়েল একদম প্রথম থেকে বলেছিল, আমাদের ফুটবলে জরুরি কিছু বদল আনতে চলেছে। টিমে আমরা যে কথাটা বারবার বলি সেটা হল, আমার ইতিহাস গড়ব। এই টিমে আমরা সবাই এককাট্টা। প্লেয়ার, স্টাফ সবাই একসঙ্গে কাজ করি, আনন্দের সঙ্গে কাজ করি।”৫-৩-২ ছকে বিশ্বাসী মেক্সিকো কোচের টিম রক্ষণে জমাট, আক্রমণে বিরামহীন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে যে টিম যথেষ্ট আত্মবিশ্বাসী। ডাচদের মহড়া নেওয়ার আগে তাই মেক্সিকান গোলকিপার বলছেন, “নেদারল্যান্ডস টিমটা কম্পিউটারের মতো খেলে। ওদের বেশ কিছু প্লেয়ার আছে যারা তফাত গড়ে দিতে পারে। কিন্তু সে রকম প্লেয়ার আমাদেরও আছে। আমরাও শক্তিশালী টিম।”

Advertisement

ধোনিকে চিন্তায় রাখল বোলিং

নিজস্ব প্রতিবেদন

ভাল ব্যাটিং দিয়ে ইংল্যান্ড সফর শুরু করলেও বোলাররা চিন্তায় রাখলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। লিস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের শেষ দিন ইশান্ত শর্মা একই ওভারে পরপর দু’উইকেট না নিলে ভারতের একটির বেশি উইকেট জুটত না। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিন ভারত ৩৩৩-৪ তোলার পর বৃষ্টিতে দ্বিতীয় দিন খেলা হয়নি। শনিবার লিস্টারশায়ার ব্যাট করতে নামলে ক্যাপ্টেন ম্যাথু বয়েসকে ফেরান পঙ্কজ সিংহ। সারা দিন আর কোনও উইকেট তো ফেলতেই পারেননি বরং মার খেলেন ইশান্ত, ভুবনেশ্বররা। উইকেটহীন ভুবি ৬.৫৭ গড়ে রান দেন। শামি ছ’ওভারে ২৫ দেন। ঈশ্বর পান্ডে পাঁচ ওভারে ৩১। রবসন (১২৬) ও স্মিথ (১০১) সেঞ্চুরি করে রিটায়ার করেন। লিস্টারশায়ার ৬২ ওভারে ৩৪৯-৫ তোলার পর দু’দলের সম্মতিতে এক ঘণ্টা আগে খেলা শেষ হয়ে।

অস্ট্রেলিয়ায় ফাইনালে সাইনা

সংবাদ সংস্থা • সিডনি

মরসুমের দ্বিতীয় খেতাব থেকে এক ধাপ দূরে সাইনা নেহওয়াল। বিশ্বের দু’নম্বর ও শীর্ষবাছাই চিনের শিজিয়ান ওয়াংকে হারিয়ে অস্ট্রেলিয়ান সুপার সিরিজের ফাইনালে ভারতীয় তারকা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাইনা জেতেন ২১-১৯, ১৬-২১, ২১-১৫। আগে দু’বার শিজিয়ানের কাছে হেরেছিলেন। প্রতিশোধ তোলার পাশাপাশি মুখোমুখি লড়াইয়ে ৫-৩ এগিয়ে গেলেন সাইনা। এক ঘণ্টা ষোলো মিনিটের লড়াই যদিও সহজ হয়নি। প্রথম গেম এক সময় ছিল ১৯-১৯। এর পর সাইনা দ্রুত গেম দখল করে নেন। দ্বিতীয় গেমে ম্যাচে ফেরেন শিজিয়ান। তৃতীয় গেমের কিন্তু দুরন্ত স্ম্যাশ, প্লেসিং আর নেট প্লে-তে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ভারতীয়। ফাইনালে সাইনার লড়াই বিশ্বের ১১ নম্বর, স্পেনের ক্যারোলিনা মারিনার বিরুদ্ধে। এর আগে যাকে একবারই সামনে পেয়ে হারান সাইনা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy