রঞ্জি কোয়ার্টার ফাইনালের আগে বাংলা অধিনায়ককে ফিট করে তুলতে এখন অ্যান্ড্রু লিপাসের দ্বারস্থ হচ্ছে সিএবি। ভারতীয় বোর্ডের সঙ্গে অতীতে বহু দিন যুক্ত থাকা অস্ট্রেলীয় এই ফিজিওথেরাপিস্ট বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। মনোজ তিওয়ারিকে তাঁর কাছেই পাঠানো হচ্ছে।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল যুদ্ধে নামছে বাংলা। যেখানে অধিনায়ক তিওয়ারিকে পাওয়া যাবে কি না, তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মনোজ। গোটা টুর্নামেন্টে তো নামতে পারেনইনি, এমনকী রঞ্জি কোয়ার্টারেও তাঁর খেলার সম্ভাবনা চল্লিশ শতাংশ, ঘোষণা করে দেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনিতে এনসিএ-তে টেস্ট প্লেয়ার ছাড়া চোট সারাতে কাউকে পাঠানো যায় না। নিয়মই তাই। কিন্তু মনোজের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে কারণ মনোজের রিহ্যাবের যাবতীয় করচ সিএবি বহন করছে। যা অবস্থা, রঞ্জি কোয়ার্টারে মনোজকে পাওয়া না পাওয়া দাঁড়িয়ে এখন লিপাসের হাতে। যিনি অতীতে অনেক নামীদামী ক্রিকেটারদের ফিট করে তুলেছেন দক্ষতার সঙ্গে। আগামী সোমবার এনসিএ-তে মনোজের যাওয়ার কথা।
এ দিকে, শনিবার সিএবি লিগে কয়েকটা সেঞ্চুরি হল। পাঁচ উইকেট পাওয়া বোলারও অনেক। অভিজিৎ সিংহ (১২৪) ও রাজকুমার পালের (১১১) জোড়া সেঞ্চুরির দাপটে মোহনবাগান ৪৫৩-৮ তুলল বালিগঞ্জ ইউনাইটেডের বিরুদ্ধে। শ্যামবাজারের প্রদীপ্ত প্রামাণিক সাত উইকেট পেলেন (৭-৮৩) বিএনআরের (২৩৫) বিরুদ্ধে। উয়াড়ির বিরুদ্ধে সেঞ্চুরি করলেন বাংলা ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (১২৮)। তাঁর ক্লাব ওয়াইএমসিএ (কলেজ শাখা) তুলল ৪০০-৭। ইয়ং বেঙ্গলের বিরুদ্ধে মাত্র ১৮৮ রানে শেষ হয়ে গেল মহমেডান স্পোর্টিং। মহমেডানের মহম্মদ ইরফান ১০০ ন:আ:। ইয়ং বেঙ্গলের বিশাল লামা (৫-৩৫)। দ্বিতীয় ডিভিশনে একজন ন’উইকেট পেলেন। বালক সংঘের অর্চিত সাউ (৯-৮২) ক্যালকাটা রে়ঞ্জার্স ক্লাবের বিরুদ্ধে।