২০১৪-য় তিনি শেষ খেলে গিয়েছিলেন রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের সবুজ ঘাসে। এক বছর পর আবার শহরে অর্জুন অটওয়াল। পিজিএ ট্যুরে খেতাব জয়ী, শহরের সবচেয়ে সফল গল্ফার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং টাইগার উডসের ঘনিষ্ঠ বন্ধু। তবু আরসিজিসিকেই নিজের ‘বাড়ি’ বলেন। শুক্রবার সেই কোর্সে আবার নামছেন এক আন্তর্জাতিক কর্পোরেট গল্ফের আসরে প্রতিযোগীদের উৎসাহ দিতে। প্রত্যেক গল্ফারের হয়ে প্রথম টি-শট মারা ছাড়াও টেকনিক নিয়ে নানা টিপস দেবেন। এ দিন অর্জুন নিজে বলেছেন, ‘‘কর্পোরেট গল্ফাররা পেশাদারদের মতো দক্ষ না হলেও উৎসাহে কোনও খামতি নেই। কালকের জন্য মুখিয়ে আছি!’’