Advertisement
E-Paper

স্থিরচিত্র থেকে ভিডিয়ো, স্যামসাঙের সেন্সরেই বাজিমাত করছে অন্যান্য ফোন, নিজের বেলায় কেন পিছিয়ে দক্ষিণ কোরীয় সংস্থা?

স্থিরচিত্রের জন্য বিখ্যাত ভিভোর স্মার্টফোনের সেন্সর তৈরি করছে স্যামসাং। আগামী দিনে আইফোনের ক্যামেরা তৈরির বরাতও তাদের দিতে পারে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল। তা সত্ত্বেও নিজেদের ফ্ল্যাগশিপ ফোনে কেন দুর্দান্ত ক্যামেরা লাগাতে পারছে না ওই দক্ষিণ কোরীয় সংস্থা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১
Representative Picture

—প্রতীকী ছবি।

ভিডিয়ো ক্যামেরার নিরিখে সেরা আইফোন। আবার দুর্দান্ত স্থিরচিত্র লেন্সবন্দি করতে সবচেয়ে এগিয়ে আছে ভিভো এক্স৩০০ প্রো। মজার বিষয় হল, ভিভোর ফোনটির সেন্সর তৈরি করেছে স্যামসাং। শুধু তা-ই নয়, আইফোনের ক্যামেরা নির্মাণের বরাতও আগামী দিনে পেতে পারে তারা। অথচ ভিডিয়ো হোক বা স্থিরচিত্র, কোনও দিক থেকেই অ্যাপ্‌ল বা ভিভোর ধারেকাছে নেই দক্ষিণ কোরীয় বহুজাতিক সংস্থাটির তৈরি কোনও ফ্ল্যাগশিপ স্মার্টফোন। কিন্তু কেন?

প্রযুক্তিবিদদের দাবি, মোবাইল ফোনের ক্যামেরা ভাল বা খারাপ হওয়াটা শুধুমাত্র সেন্সর বা লেন্সের উপর নির্ভর করে না। মুঠোবন্দি ডিভাইসে দুর্দান্ত ভিডিয়ো বা স্থিরচিত্র তুলতে হলে চাই ভাল ইমেজ় প্রসেসার। ছবির রঙের ভারসাম্য কী ভাবে বজায় থাকবে, কতটা এক্সপোজ়ার দেওয়া হবে এবং কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কী ভাবে সেটাকে এডিট করবে, তা পুরোপুরি নির্ভর করে ওই সফ্‌টঅয়্যারের উপর। সেখানেই স্যামসাং কিছুটা পিছিয়ে পড়েছে বলে মনে করছেন তাঁরা।

তবে মোবাইল ফোনের ক্যামেরার সেন্সর যে দুর্দান্ত ছবি তোলার ক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ নয়, সেকথা বলা যাবে না। ব্যবহারকারী চোখ দিয়ে যা দেখছেন, তার প্রতিটা খুঁটিনাটি লেন্সবন্দি করতে হলে চাই ভাল সেন্সর। এক বার সেটা তোলা হয়ে গেলে ছবিটিকে দুর্দান্ত করে তোলে ইমেজ় প্রসেসার, যা আলাদা আলাদা ভাবে তৈরি করে প্রতিটা স্মার্টফোন সংস্থা।

ইমেজ় প্রসেসার চলে অ্যালগরিদমের উপর। সেটা কোড লিখে তৈরি করতে হয়। অ্যাপ্‌ল বা ভিভোর মতো সংস্থাগুলির সংশ্লিষ্ট সফ্‌টঅয়্যারটি তৈরি করতে ফি বছর কয়েক হাজার কোটি টাকা খরচ করে থাকে। এদের প্রত্যেকের আলাদা আলাদা ইমেজ প্রসেসার রয়েছে। বর্তমানে এআই সহায়তায় কোড লিখেও অনেকে ইমেজ প্রসেসার তৈরি করছেন। তবে এ ক্ষেত্রে যিনি কোড লিখছেন, তাঁর মুনশিয়ানা খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের একাংশ অবশ্য মনে করেন, আগামী দিনে ফের মুঠোবন্দি ডিভাইসের ক্যামেরার নিরিখে বাজার কাঁপাবে স্যামসাং। চলতি বছরের ফেব্রুয়ারির একেবারে শেষে এফ-২৬ আল্ট্রা মডেলটি বাজারে আনার কথা রয়েছে তাদের। সেটা আদৌ গ্রাহকদের মন জয় করতে পারে কি না, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

Best Smartphone Smartphone Price Apple iPhone Tech tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy