২৮ বছর বয়সি এক তরুণের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল ৪০ বছরের এক বধূর। আলাপ ক্রমশ গড়ায় প্রেমের সম্পর্ক। এর পর সেই ভালবাসার জন্য স্বামী, চার সন্তান ও সংসার ছাড়ার সিদ্ধান্ত নেন তরুণী। প্রেমিকের হাত ধরে পালিয়ে যান তিনি। কিন্তু প্রেমের টানে ঘর ছাড়লেও শেষমেশ মন বদলায় তরুণীর। সন্তানদের আকুল কান্নায় নতুন সঙ্গীকে ছেড়ে ১১ দিন পর সংসারে ফিরলেন তিনি। উত্তরপ্রদেশের ক্যাম্পিয়ারগঞ্জ থানা এলাকার ঘটনা।
সংবাদ প্রতিবেদন অনুসারে, ওই তরুণী স্বামী ও সন্তানদের ছেড়ে মণিরাম এলাকার ২৮ বছর বয়সি প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে উধাও হয়ে যান। দু’জনের পরিচয় ইনস্টাগ্রামে। অনলাইন আলাপচারিতা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। হঠাৎ নিখোঁজ হওয়ার পর বধূর পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে স্বামী জানতে পারেন, স্ত্রী পিপিগঞ্জ এলাকায় তরুণ প্রেমিকের সঙ্গে একটি বাড়ি ভাড়া করে নতুন সংসার পেতেছেন। সন্ধান পেয়ে তরুণীর স্বামী, সন্তান ও অন্য আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ জানান। প্রথমে পরিবারের অনুরোধে সাড়া দেননি তিনি। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্তেই অনড় ছিলেন।
খবর পেয়ে পিপিগঞ্জ পুলিশ দু’পক্ষকে থানায় নিয়ে আসে। স্টেশন হাউস অফিসার অরুণ কুমার সিংহের উপস্থিতিতে মধ্যস্থতা করা হয়। থানায় বসে সন্তানদের আর্তি ফিরিয়ে দিতে পারেননি মা। পরিবারের সদস্যদের অনুরোধে তরুণী অবশেষে বাড়ি ফিরতে রাজি হন। তাঁকে পরিবারের সঙ্গে ফেরত পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।