Advertisement
E-Paper

চুরির অভিযোগে সাত বছরের খুদেকে ডিপ ফ্রিজ়ারে ঢুকিয়ে বন্দি করলেন তরুণ! মন গলল না কাকুতি-মিনতিতেও

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দোকানের ভিতরে রাখা চৌকো ডিপ ফ্রিজ়ারের ঢাকনা বন্ধ। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। ফ্রিজ়ারের ঢাকনা খুলতেই তার ভিতর থেকে নাবালকের মুখ দেখা গেল। কান্নাকাটি করছিল সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১০:৫১

ছবি: সংগৃহীত।

দোকান থেকে ঠান্ডা পানীয় চুরি করার অভিযোগ ওঠে সাত বছরের এক নাবালকের বিরুদ্ধে। শাস্তিস্বরূপ দীর্ঘ ক্ষণ একটি ডিপ ফ্রিজ়ারের ভিতরে আটকে রেখে দেন স্থানীয় দোকানদার। উত্তরপ্রদেশের হাপুর জেলার এই ঘটনা ঘিরে উঠেছে নিন্দার ঝড়। ৩০ মার্চের এই ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে দোকানের ভিতরে রাখা চৌকো ডিপ ফ্রিজ়ারের ঢাকনা বন্ধ। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। ফ্রিজ়ারের ঢাকনা খুলতেই তার ভিতর একটি নাবালকের মুখ দেখা গেল। কান্নাকাটি করছিল সে। অভিযোগ, শিশুটির বিরুদ্ধে চুরির অভিযোগ এনে শাস্তিস্বরূপ তাকে ডিপ ফ্রিজারের মধ্যে ভরে রাখা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হাপুরের ধওলানা এলাকার শেখপুর খিচড়া গ্রামের ঘটনা। অভিযুক্ত দোকানির নাম আজ়াদ। দোকান থেকে চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দা ইমরানের নাবালকপুত্র আনাসকে ‘অপহরণ’ করেন আজ়াদ। আনাস বাড়ির কাছে খেলতে বেরিয়েছিল। খেলতে খেলতে অভিযুক্তের দোকানের ভিতরে চলে যায়। এর পর আজ়াদ ছেলেটিকে ধরে তাঁর দোকানের ডিপ ফ্রিজ়ারের ভিতরে আটকে রাখে বলে অভিযোগ।

বেশ কিছু ক্ষণ ফ্রিজ়ারের মধ্যে আটকে থাকার পর নাবালক ভয়ে ও ঠান্ডায় বিধ্বস্ত হয়ে পড়েছিল। কান্নাকাটি ও চিৎকার করতে শুরু করে আনাস। ছেলেটিকে কাঁদতে দেখেও মন গলেনি আজ়াদের। ফ্রিজ়ারের ঢাকনা খুলে ঘটনাটির ভিডিয়ো করতে থাকেন তিনি। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছ়ড়িয়ে দেন নিজেই। ভিডিয়োয় অভিযুক্ত দোকানদারকে বলতে শোনা গিয়েছে, ‘‘দোকানে ঢুকে বিরক্ত করছিল। চুরিও করেছিল। তাই এখানে বন্ধ করে শাস্তি দিচ্ছি।’’

বহু ক্ষণ ফ্রিজ়ারে বন্ধ থাকার পর রাতের দিকে বাড়ি ফেরে ছোট্ট আনাস। কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেও কোনও কথা জানায়নি। পর দিন সকালে আনাসের বাবা ইমরান ভিডিয়োটি দেখতে পান। ইমরান যখন তাঁর ছেলেকে এ বিষয়ে প্রশ্ন করেন, তখনই ঘটনাটি প্রকাশ্যে আসে। এর পর ইমরান আজ়াদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জ্ঞানঞ্জয় সিংহ অভিযুক্ত আজ়াদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে এ ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy