১০ বছরের এক নাবালকের হাতে অটোর নিয়ন্ত্রণ। পিছনে বসে রয়েছেন যাত্রীরা। রাস্তা দিয়ে দিব্যি অটো চালিয়ে নিয়ে আসছে সেই খুদে চালক। ভরা বাজারের মধ্যে দিয়ে অটোটি সাবধানে চালিয়ে নিয়ে যেতে দেখা গেল নাবালককে। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি বিহারের। নাবালকের অটো চালানোর দৃশ্যের ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমে দাবানলের মতো যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা গিয়েছে একটি জনাকীর্ণ রাস্তায় ১০-১২ বছর বয়সি এক বালক একটি অটোর চালকের আসনে বসে আছে। প্রথমে দৃশ্যটি দেখে কোনও স্টান্টের ভিডিয়ো বলে মনে হতে পারে। মজা করার জন্য বা শুধুমাত্র ছবির তোলার জন্য নাবালককে চালকের আসনে বসিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় অটোরিকশাটি খালি নয়। পেছনে যাত্রীরাও বসে আছেন। সকলকে অবাক করে দিয়ে নাবালক চালক গাড়িটি চালাতে শুরু করে। বাজারে থাকা লোকজন সেই দৃশ্যটি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন। সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই ভিডিয়োটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
🚨Bihar's Shame: A 10-12 year old child driving an auto in a crowded market
— Ramesh Tiwari (@rameshofficial0) May 19, 2026
People are sharing the video and saying Come to Bihar bro ' but what about the child?
Where is his school? Where is his childhood?
BJP government is in power both in Centre and State. Modi ji himself… pic.twitter.com/71RJiLgnIs
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘রমেশঅফিসিয়াল০’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু মানুষ দেখেছেন। এক নাবালকের হাতে যাত্রীদের সুরক্ষার ভার তুলে দেওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা করেছেন। নেটাগরিকদের অনেকেই মনে করছেন অটোর যাত্রীরা নিরাপত্তা নিয়ে চিন্তিত নন। আবার এ-ও হতে পারে যে, বালকটির গাড়ি চালানোর দক্ষতার বিষয়ে অতিরিক্ত ভরসা করছেন। নেটাগরিকদের একাংশ মনে করছেন বিহার বলেই এমনটা সম্ভব। নেটমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এটা কি শিশুটির সহজাত প্রতিভা, না কি পরিবারের জন্য রোজগারের বাধ্যবাধকতা? যে বয়সে তার বই খুলে বসার কথা, সেই বয়সে তাকে স্টিয়ারিংয়ের হাতে তুলে নিতে হচ্ছে দেখে ক্ষুব্ধ নেটপাড়া।