যখন প্রয়োজনীয় জিনিসের আকাল হয় তখনই বিকল্প পথের সন্ধান পড়ে। চলমান এলপিজি সঙ্কটের মাঝেই তরকারি রাঁধার অদ্ভুত উপায় বার করে ফেললেন এক তরুণ। রান্না করতে গিয়ে গ্যাস শেষ। উপায়ান্তর না দেখে বিকল্প পদ্ধতির সন্ধান করে ফেললেন। দিব্যি হয়ে গেল তরকারি রান্নাও। সেই ঘটনারই একটি মজার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের নজরে পড়তেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্যাস অভেনের উপরে কড়াইয়ে তরকারি ফুটছে। কিন্তু গ্যাস জ্বলছে না। তার বদলে কড়াইয়ে ডোবানো রয়েছে জল গরম করার ইমারশন হিটার! সেই তাপেই টগবগিয়ে ফুটছে তরকারি। ইনস্টাগ্রামে শেয়ার করা ক্লিপটিকে পোস্ট করে লেখা হয়েছে, “গ্যাস শেষ, গরম করার দণ্ড চালু।” সেই গ্যাসের সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। গ্যাসের উপর নির্ভর না করে, রান্নার পাত্রের মধ্যে সরাসরি একটি ইমারশন রড ডুবিয়ে রেখে কার্যোদ্ধার করার চেষ্টা করছেন। পাত্রের ভেতরে তরকারিটি রান্না হতেও দেখা যায়।
‘বাসুদেবাহিমাঙ্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রায় ৪ লক্ষ লাইক জমা পড়েছে তাতে। পদ্ধতিটি সঙ্গে সঙ্গেই সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ ইমারশন রড সাধারণত জল গরম করতে ব্যবহৃত হয়। খাবার রান্না করতে নয়। কেউ কেউ এই কৌশলটিকে সৃজনশীল মনে করলেও, অন্যেরা এর সম্ভাব্য ঝুঁকিগুলি মন্তব্য বাক্সে পোস্ট করেছেন। এক নেটাগরিক উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “ইমারশন রড স্নান বা পরিষ্কারের জন্য জল গরম করার উদ্দেশ্যে তৈরি, সরাসরি খাবার তৈরির জন্য নয়। এর ফলে পেটে মারাত্মক সংক্রমণ হতে পারে।”