Advertisement
E-Paper

মালাবদলের সময় পার, তবু নাচে মগ্ন! কনের কাণ্ডে বিয়ে না করেই ফিরলেন বিরক্ত বর! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কনে বিয়ের আচার-অনুষ্ঠান ছেড়ে তার বন্ধুদের সঙ্গে নাচতেই ব্যস্ত ছিলেন। লাল লেহঙ্গা পরা কনেকে মঞ্চের কাছে নাচতে দেখা যায়। এ দিকে, পরিবারের সদস্যেরা তাঁকে মালাবদলের জন্য ডাকতে থাকেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১১:০৮

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মালাবদলের সময় অহেতুক অপেক্ষা কার ভাল লাগে! কনে মালাবদল না করে নিজের খেয়ালে নেচে যাচ্ছিলেন। বিয়ের অনুষ্ঠানের সময় কনে নাচতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তিনি মালা পরানোর অনুষ্ঠানকে এ়ড়িয়ে যাচ্ছিলেন। নাচের প্রতি ভালবাসাই তাঁর কাল হয়ে দাঁড়াল। ঘটনাটি হরিয়ানার কাইথালের। কনের আচরণে বিরক্ত হয়ে বরযাত্রীসমেত ফিরে গেলেন বর। এমনটাই দাবি করা হয়েছে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কনে বিয়ের আচার-অনুষ্ঠান ছেড়ে তার বন্ধুদের সঙ্গে নাচতেই ব্যস্ত ছিলেন। লাল লেহঙ্গা পরা কনেকে মঞ্চের কাছে নাচতে দেখা যায়। এ দিকে, পরিবারের সদস্যরা তাঁকে মালাবদলের জন্য ডাকতে থাকেন। কনে নাচ-গানে, হুল্লোড়ে এতটাই মগ্ন ছিলেন যে বার বার ডাকা সত্ত্বেও বিয়ের মঞ্চে এগিয়ে যাননি। ভিডিয়োয় দাবি করা হয়েছে, এতেই নাকি অসন্তুষ্ট হয়ে ওঠেন বর ও তাঁর পরিবার। বিয়ের মতো এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কনের ক্রমাগত নাচ এবং মালা পরানোর অনুষ্ঠান উপেক্ষা করাকে বরের পরিবার আপত্তিকর বলে মনে করেছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে বরের পরিবার বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেয়। বরযাত্রীসমেত ফেরত যান বর। ‌

ভিডিয়োটি ‘মেনটুহিউম্যান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর কনের আচরণ দেখে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। প্রচুর লাইক ও কমেন্ট জমা পড়েছে ভিডিয়োয়। বহু নেটমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা বরের জায়গায় থাকলে একই সিদ্ধান্ত নিতেন। কেউ কেউ কনের আচরণকে একটি ‘বিপদ সঙ্কেত’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে বিয়েতে আনন্দ করার পাশাপাশি কনের দায়িত্বশীল হওয়ারও প্রয়োজন রয়েছে।

Wedding Dance Wedding Viral Varmala Moment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy