রেলের ইঞ্জিনের ভিতরে অপেক্ষা করছিল চমক। মধ্যরাতের সেই ‘অতিথিকে’ দেখে রীতিমতো ঘাম ছুটল রেলকর্মীদের। তড়িঘড়ি সেটিকে বার করে আনার তোড়জোড় শুরু করলেন রেলের কর্মীরা। কারণ সেই অতিথি যেমন তেমন কেউ নয়। একটি ইন্ডিয়ান রক পাইথন বা ময়ালের বাচ্চা। মঙ্গলবার গভীর রাতে মু্ম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে একটি রেলইঞ্জিনের ভিতর থেকে ময়ালের বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে। সেই উদ্ধার অভিযানের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ময়ালের বাচ্চা ইঞ্জিনের ভিতরে কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে। সাপের উপস্থিতি নজরে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মাডগাঁও-সিএসএমটি জন শতাব্দী এক্সপ্রেসের ইঞ্জিনের কেবিনে ময়ালটির দেখা মিলেছে। মধ্য রেলের চিফ পাবলিক রিলেশন অফিসারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, ২৪ জুন রাত প্রায় পৌনে ১২টা নাগাদ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের (সিএসএমটি) ১১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছোনোর কিছু ক্ষণ পরেই এই ঘটনাটি ঘটে।
চালকই সর্বপ্রথম কেবিনের ভিতরে সরীসৃপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁর সহকর্মী ও অন্যান্য ঊর্ধ্বতন রেল আধিকারিকদের বিষয়টি জানান। সাপটিকে উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে যান সর্পউদ্ধারকারীরা। সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে রাত প্রায় পৌনে ২টো নাগাদ ময়াল শাবকটিকে নিরাপদে বন্দি করে ফেলা হয়। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে। ময়ালটিকে উদ্ধার করে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘দ্যতত্ত্ব’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু বার দেখা হয়েছে। উদ্ধারকারীদের মতে ময়াল শাবকটি বৃষ্টি থেকে বাঁচতে ট্রেনের ইঞ্জিনে ঢুকে পড়েছিল।