আর পাঁচটা দিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন চিকিৎসক। রোগী হিসাবে এক বৃদ্ধকে চেম্বারে ঢুকতে দেখে যারপরনাই অবাক হয়ে গেলেন তিনি। স্বপ্নেও ভাবতে পারেননি যে তিনি চিকিৎসক হয়ে সেই ব্যক্তির চিকিৎসা করবেন। বৃদ্ধকে দেখেই আবেগঘন ও বিহ্বল হয়ে পড়লেন তরুণী চিকিৎসক। সেই ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন প্রতিভা নিখার জুনেজা নামের ওই চিকিৎসক। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি তাঁর চেম্বারে এসে দাঁড়িয়েছেন। বৃদ্ধকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে হাত জোড় করে নমস্কার সারছেন প্রতিভা। ওই ব্যক্তিকে দেখে আবেগে বিহ্বল হয়ে পড়েন তরুণী। কারণ যিনি রোগী হিসাবে তাঁর কাছে চিকিৎসা করাতে এসেছেন তিনি আর কেউ নন প্রতিভারই শিক্ষক। প্রাক্তন শিক্ষক বিডি গুপ্ত একসময় মেডিক্যাল কলেজে শিক্ষকতা করতেন। প্রতিভা ছিলেন তাঁর ছাত্রী। মেডিক্যাল কলেজের দিনগুলিতে ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বিডি গুপ্ত। প্রতিভার কর্মজীবনের শুরুতে তাঁকে সঠিক পথ দেখানোর জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই শিক্ষককেই নিজের ক্লিনিকে আসতে দেখে প্রতিভা যেমন গর্ব অনুভব করেছেন, তেমনই কৃতজ্ঞতায়ও পরিপূর্ণ হয়ে উঠেছিল তাঁর হৃদয়। ছাত্রজীবনের স্মৃতিও ভেসে এসেছে তাঁর মনে, এমনটাই জানিয়েছেন প্রতিভা।
ইনস্টাগ্রামে অভিজ্ঞতাটি শেয়ার করে প্রতিভা জানিয়েছেন এই সাক্ষাৎটি তাঁর জীবনের অন্যতম বিশেষ দিন। যে ব্যক্তিকে তিনি দীর্ঘ দিন ধরে শ্রদ্ধা করে আসছেন এবং যাঁর কাছ থেকে চিকিৎসার পাঠ নিয়েছিলেন তাঁর চিকিৎসা করতে পেরে গর্ববোধ করেছেন তিনি। প্রতিভা উল্লেখ করেছেন যে, যখন একজন শিক্ষক তাঁর শিক্ষার্থীর ওপর আস্থা রাখেন, তা এক জন চিকিৎসকের পেশার অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার।