Advertisement
E-Paper

অ্যাপ নির্দিষ্ট ভাড়া না-পসন্দ, ‘মিটার’ হিসাবে দিতে হবে টাকা, বচসা, হাতাহাতি, যাত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নিলেন ক্যাবচালক!

৪২ বছর বয়সি এক তরুণ তাঁর কর্মক্ষেত্র থেকে বাড়িতে যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেন গত ১৬ মার্চ। কিন্তু যাত্রা শুরু হওয়ার আগেই, চালক অ্যাপে দেখানো ভাড়া নিতে অস্বীকার করেন এবং ‘মিটার’ অনুযায়ী ভাড়ার দাবি করে বসেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৩:২৪

ছবি: সংগৃহীত।

অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে বিবাদের জেরে আঙুল খোয়া গেল এক যাত্রীর। ভাড়ার হেরফের হওয়ার প্রতিবাদ জানাতেই যাত্রীর আঙুল কামড়ে দিলেন অ্যাপ ক্যাবচালক। পুণের এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। অ্যাপ ক্যাবে চড়ার সময় নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের মধ্যে রয়েছেন যাত্রীরা। সংবাদ প্রতিবেদন অনুসারে, ভাড়া নিয়ে বিবাদের জেরে এক ক্যাবচালক এক যাত্রীকে আক্রমণ করেন বলে অভিযোগ উঠেছে। বচসার সময় চালক তরুণের হাতে কামড় দেওয়ায় গুরুতর আহত হন যাত্রী।

সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঘটনাটি ঘটেছে গত ১৬ মার্চ। হিঞ্জেওয়াড়ি আইটি পার্কের ফেজ-১-এ কর্মরত ৪২ বছর বয়সি এক তরুণ তাঁর কর্মক্ষেত্র থেকে বাড়িতে যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেন। কিন্তু যাত্রা শুরু হওয়ার আগেই, চালক অ্যাপে দেখানো ভাড়া নিতে অস্বীকার করেন এবং ‘মিটার’ অনুযায়ী ভাড়া দাবি করে বসেন। এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ক্রমে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। তর্কাতর্কির এক পর্যায়ে চালক ওই তরুণকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। হাতাহাতি ও বচসার সময় চালক তরুণের বাম হাতের দুটি আঙুলে কামড় দেন বলে অভিযোগ। এই কামড়ের ফলে যাত্রীর একটি আঙুল আংশিক ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রাথমিক চিকিৎসার পর তরুণ পুলিশে অভিযোগ জানান। সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ঊর্ধ্বতন পুলিশকর্তা জানিয়েছেন, “যাত্রা শুরুর আগেই চালক ও যাত্রীর মধ্যে বিবাদ শুরু হয়েছিল। কারণ চালক জোর দিয়েছিলেন যে ভাড়া ‘মিটার’ অনুযায়ী হবে। গ্রাহক তাতে রাজি না হওয়ায় তর্কাতর্কি আরও বেড়ে যায়।” অভিযোগের ভিত্তিতে হিঞ্জেওয়াড়ি থানায় একটি এফআইআর দায়ের করা হয় এবং অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত ক্যাবচালককে পরে আদালতে হাজির করা হয়েছিল। গুরুতর আঘাত করা এবং ইচ্ছাকৃত ভাবে অপমান করার অভিযোগ দায়ের করা হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অ্যাপ ক্যাব সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy