Advertisement
E-Paper

বিমানের ইকনমি ক্লাসে সফর করলেন ‘থালাইভা’! প্রিয় তারকাকে দেখে আনন্দে ফেটে পড়লেন সহযাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

বিমানের ইকনমি ক্লাসে সাধারণ যাত্রীদের সঙ্গেই ভ্রমণ করতে দেখা গেল সুপারস্টার রজনীকান্তকে। প্রিয় তারকার উপস্থিতির কথা জানতে পেরে যাত্রীরা উত্তেজনায় ফেটে পড়েন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৪:২৭
বিমানে ইকনমি ক্লাসে সফর করলেন রজনীকান্ত।

ছবি: সংগৃহীত।

ইন্ডিগোর ইকোনমি ক্লাস। যাত্রীদের সকলেই নিজ নিজ আসনে বসে। হঠাৎ করে যেন নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না তাঁরা। কারণ তাঁদের নাগালের মধ্যেই রয়েছেন মহাতারকা। একই বিমানে সহযাত্রী হিসাবে ‘থালাইভা’কে পেয়ে যাত্রীরা আনন্দে লাফিয়ে ওঠেন। বিমানের ইকনমি ক্লাসে সাধারণ যাত্রীদের সঙ্গেই ভ্রমণ করতে দেখা গেল সুপারস্টার রজনীকান্তকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

বিমানযাত্রা করতে হলে তারকাদের প্রথম পছন্দ থাকে বিজ়নেস ক্লাস। বিশেষ সুবিধা ছেড়ে আমজনতার সঙ্গে ইকনমি ক্লাসে বিমানসফর সাধারণত এড়িয়ে যান তাঁরা। রজনীর মতো তারকাকে সাধারণ যাত্রীদের মতো ইকনমি ক্লাসে দেখে চমকে যান অন্যান্য যাত্রীরা। ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আসন ছেড়ে উঠে সহযাত্রীদের অভ্যর্থনা জানান দক্ষিণী এই অভিনেতা। তখন যাত্রীদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। অনুরাগীরা তাঁকে এক ঝলক দেখার দাবি করতে শুরু করেন। রজনী তাঁর আসন থেকে উঠে সকলের দিকে তাকিয়ে হাত নাড়েন। তার পর নিজের আসনে ফিরে আসেন। কিন্তু এই সংক্ষিপ্ত মুহূর্তটি ক্যামেরাবন্দি করার জন্যে সকলে উৎসুক হয়ে ওঠেন। প্রিয় তারকাকে দেখে যাত্রীরা নিজেদের ফোন বার করে ভিডিয়ো করতে বা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

বিমানে প্রিয় তারকার উপস্থিতির কথা জানতে পেরে যাত্রীরা উত্তেজনায় ফেটে পড়েন। জোরে জোরে শিস এবং হাততালি দিতে থাকেন তাঁরা। সাত সেকেন্ডের এই ছোট ফুটেজটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এক দিনের মধ্যেই ৩০ লক্ষ বার দেখা হয়েছি সেটি। সাড়ে তিন লক্ষেরও বেশি লাইক জমা পড়েছে তাতে। এক জন মন্তব্য করেছেন, ‘‘বিমানে উঠে জানলা দিয়ে তারা দেখার প্রয়োজন পড়েনি। কারণ একটি তারা বিমানের মধ্যে ঢুকে পড়েছে।’’

rajanikant Indigo Flight Thalaiva Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy