বাড়ির পাশের চত্বরে দাঁড়িয়ে ছিল দুই খুদে। পাশেই ছিল গভীর নর্দমা। কথা বলতে বলতে বেখেয়ালে সেই নর্দমায় পড়ে গেল এক বালক। নোংরা জলে ডুবে হাবুডুবু খেতে খেতে চিৎকার করতে শুরু করে সে। জল থেকে ওঠার জন্য প্রবল বেগে হাত পা ছুড়তে থাকে। খেলার সঙ্গীকে ডুবে যেতে দেখে সাহায্য আনতে বাড়ির দিকে দৌড় দেয় অপেক্ষাকৃত বড় নাবালিকা। নাবালকের আর্ত চিৎকার শুনে দৌড়ে আসেন এক প্রৌঢ়। মর্মান্তিক সেই ঘটনাটিরই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির পাশের একটি ফাঁকা চত্বরে দাঁড়িয়ে এক নাবালক ও নাবালিকা কথা বলছিল। হঠাৎই ছোট্ট ছেলেটি পা বাড়ায়। এবং সোজা নর্দমার মধ্যে পড়ে যায়। নর্দমায় পড়ে হাবুডুবু খেতে খেতে নাবালক ভয়ে কাঁদতে ও চিৎকার করতে শুরু করে। দৃশ্যটি ভয়াবহ, কারণ নর্দমার জলে নাবালক হাবুডুবু খাচ্ছিল। এই দৃশ্য দেখে সঙ্গের মেয়েটি আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে করতে ছোটাছুটি করতে থাকে। নাবালকের চিৎকার কানে যাওয়া মাত্র পাশের বাড়ি থেকে ৬০ বছর বয়সি এক প্রৌঢ় ঘটনাস্থলে ছুটে আসেন। এক মুহূর্তও দেরি না করে এবং নিজের জীবনের পরোয়া না করে, তিনি সরাসরি নর্দমায় নেমে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং নিরাপদে বাইরে নিয়ে আসেন। তাঁর ক্ষিপ্রতা ও সাহসিকতার জন্য শিশুটি প্রাণরক্ষা সম্ভব হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
बचपन की मासूमियत खतरे में थी और पड़ोसी दादा ने बिना एक पल सोचें पूरे साहस से बच्चे की जान बचा ली, असली हीरो वही होते हैं। pic.twitter.com/Hd5uAUNRaI
— Ruby 🩷 (@rabiyask2021) April 8, 2026
ভিডিয়োটি ‘রুবি’ নামের এক্স হ্যান্ডল থেকে প্রকাশ্যে এসেছে। বহু বার দেখা হয়েছে সেটি। ওই বৃদ্ধের সাহসিকতার প্রশংসা করে তাঁকে ‘সুপারহিরো’ আখ্যা দিয়েছেন অনেকেই। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যে মানুষটি শিশুটির জীবন বাঁচিয়েছেন, তাঁকে আন্তরিক স্যালুট।’’