রাগের মাথায় বাড়ির পোষা বিড়ালকে আছড়ে ফেলেছিল কিশোর। এক বার নয়, একাধিক বার। সেই অপরাধের শাস্তি দিলেন মা। নাবালক রাগের মাথায় পরিবারের পোষা বিড়ালটিকে আঘাত করার পর মা তাকে নিজের প্রিয় খেলার জিনিসটি ভেঙে ফেলার আদেশ দিয়েছেন। সেই শাস্তিরই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
এক্স এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বাইরে একটি প্লেস্টেশন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে নাবালক। পোষ্যকে যন্ত্রণা দেওয়ার শাস্তি হিসাবে তার মা তাকে প্লেস্টেশনটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। নাবালকের মাকে বলতে শোনা যায় ছেলে যে অপরাধ করেছে তার গুরুত্ব বোঝার জন্য তিনি এই শাস্তি দিচ্ছেন। তিনি ছেলেকে নির্দেশ দেন যে সে অবোলা প্রাণীটির সঙ্গে যেমন আচরণ করে করেছিল, তেমনটাই যেন সে প্লেস্টেশনের সঙ্গে করে। মায়ের নির্দেশ শুনে প্রথমে ছেলেটিকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। পরে মায়ের কড়া ধমকে প্লেস্টেশনটি মাটিতে আছড়ে ফেলে দেয়। প্রিয় খেলনার শোকে চোখ থেকে ঝরঝর করে জলও গড়িয়ে পড়তে থাকে নাবালকের। এক বার নয়, একাধিক বার খেলনাটি আছড়ে ফেলতে নির্দেশ দেন নাবালকের মা। বুকে পাথর চেপে মায়ের আদেশ পালন করতে থাকে সে।
ভিডিয়োটি ‘ডিআরআলমারিলাও’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নাবালকের আচরণের সমালোচনা করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘যে এত ছোট একটা প্রাণীর ক্ষতি করতে পারে, তার প্রতি কোনও সহানুভূতি নেই!’’ আবার অন্য এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “এই শাস্তি একেবারেই অযৌক্তিক। প্লেস্টেশনটি ছেলের থেকে এক মাস, এক বছর কেড়ে নিলেই তো পারতেন। কিন্তু মূল্যবান কোনও জিনিস ভেঙে ফেলাটা বোকামি, কোনও শিক্ষা নয়।’’