মাত্র কয়েক হাত দূর, একটি নয় দু-দু’টি বাঘ! যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে তাদের। জঙ্গলে সাফারির সময় এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী রইলেন দর্শক। বাঘ দু’টিকে ঘিরে ছিল একাধিক সাফারি জিপ। যেখানে জঙ্গলে বাঘের দেখা পেতে পেতে বহু সাধ্যসাধনা করতে হয় সেখানে জোড়া বাঘের দর্শন পেয়েছেন ভাগ্যবান পর্যটকেরা। মাত্র কয়েক গজের মধ্যে দুই শার্দূলের জঙ্গলে টহল দেওয়ার দৃশ্যটি সমাজমাধ্যমে ভাগ করে উষ্মা প্রকাশ করেছেন প্রাক্তন বনকর্তা সুশান্ত নন্দ। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে অবশ্য কোনও তথ্য মেলেনি ভিডিয়োয়।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে পাথুরে জমিতে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা দুই শ্বাপদ। তাদেরই ঘিরে পর পর দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি সাফারি জিপ। বহু পর্যটকই ক্যামেরায় এই অভূতপূর্ব দৃশ্যটি বন্দি করার জন্য মোবাইল নিয়ে দুঃসাহস দেখান। এখানেই সাবধানবাণী শুনিয়েছেন প্রাক্তন বন আধিকারিক সুশান্ত। ভিডিয়োটি পোস্ট করে তিনি লেখেন, ‘‘তাদের এই লড়াই আপনার জীবনের শেষ দৃশ্য হয়ে উঠতে পারে। এমন জায়গায় কখনও ভিড় করবেন না। এটি পর্যটকদের জন্য মারাত্মক ঘটনা বলে প্রমাণিত হতে পারে।” তিনি আরও বলেন যে শুধু বনের কড়া নিয়মকানুন দিয়ে এই ধরনের পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব নয়। তাই দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণের অনুরোধ করেন তিনি। বন্যপ্রাণীদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করতে বলেছেন প্রাক্তন বনকর্তা। ভিডিয়োয় দু’টি বাঘকে টহল দিতে দেখার পাশাপাশি একটি দৃশ্য আরও বেশি করে চোখ পড়ে। ঘটনাস্থলের খুব কাছে বিপজ্জনক ভাবে জড়ো হওয়া একাধিক সাফারি জিপের উপস্থিতি। বাঘ দু’টি যখন বনে ঘুরে বেড়াচ্ছিল তখন যানবাহনগুলিকে ধীরে ধীরে এগিয়ে এসে বিভিন্ন দিক থেকে তাদের ঘিরে ফেলতে দেখা যায়।
ভিডিয়োর শেষের দিকে পরিস্থিতি কিছুটা বিপজ্জনক হয়ে ওঠে। কারণ বাঘ দু’টি হঠাৎ রাস্তা পার হওয়ার জন্য লাফ দেয়। বিপদের ঘাড়ের কাছ ঝুলে থাকা সত্ত্বেও, সাফারি জিপগুলি সেখানে অপেক্ষা করতে থাকে। সেখান থেকে সরে যাওয়ার তেমন কোনও তাগিদ দেখা যায় না তাদের মধ্যে। ভিডিয়োটি বন্যপ্রাণী পর্যটন নিয়ে বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। ভিডিয়োটি দেখার পর বন্যপ্রাণ সংরক্ষণকারীদের একাংশ মনে করছেন, এই ধরনের আচরণ পর্যটকদের জন্য কেবল রোমাঞ্চকরই নয়, বরং বিপজ্জনক হতে পারত। কারণ যে ভাবে বাঘগুলিকে গাড়ি দিয়ে ঘিরে কোণঠাসা করা হয়েছিল তা জঙ্গলের নিয়ম লঙ্ঘন। ভয় পেয়ে বা উত্তেজিত হয়ে বাঘগুলি যে কোনও সময় আক্রমণ করতে পারত। নেটাগরিকদের মতে, বন্যপ্রাণী সাফারিতে শান্তি, ধৈর্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাকে অগ্রাধিকার দেওয়া উচিত। ছবি তোলার জন্য শোরগোল করা নয়।