বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহ করার অভিযোগ উঠল রেলের কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদ জানাতেই রেলকর্মীরা বচসা জুড়ে দিলেন যাত্রীদের সঙ্গে। যাত্রীদের অভিযোগ, খাবারের সঙ্গে যে কেচাপের প্যাকেট দেওয়া হয়েছিল তা মেয়াদোত্তীর্ণ তো বটেই, দুই থেকে তিন বছরের পুরনো। বিষয়টি নিয়ে কামরার ভিতরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনাটিরই একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্দে ভারতের কোচের ভিতরে হালকা নীল রঙের শার্ট পরা এক যাত্রী রেলকর্মীদের কাছে খাবার নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কাছে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছেন অন্য যাত্রীরা। যাত্রী রীতিমতো চিৎকার করে প্রশ্ন তোলেন, রেলের কর্মী হয়ে কী ভাবে যাত্রীদের মেয়াদোত্তীর্ণ খাবার দিতে পারলেন তাঁরা! কী ভাবে রেল কর্তৃপক্ষ নষ্ট হয়ে যাওয়া খাবার মজুত করে রাখে! যাত্রীদের যদি কিছু ঘটে যায় বা কেউ প্রাণ হারান, তা হলে তার দায় কে নেবে? কিছু ক্ষণ পরেই, দু’জন টিকিট পরীক্ষককে ভিডিয়োয় থাকা ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। হাজির হন এক পুলিশকর্মীও। তিনি উত্তেজিত যাত্রীকে শান্ত করার চেষ্টা করেন। তবে রেলকর্মী ও টিকিট পরীক্ষকদের কোনও ব্যাখ্যাতেই সন্তুষ্ট হতে পারেননি ওই ব্যক্তি। ভিডিয়োর শেষে যাত্রীকে বলতে শোনা যায়, ‘‘বন্দে ভারতের এক জন সুপারিটেন্ডেন্ট থাকেন, ট্রেনের সব কিছু পরীক্ষা করা তাঁর দায়িত্ব। কিন্তু তাঁর দায়িত্বহীনতার কারণে, সমস্ত যাত্রীকে দু’-তিন বছরের পুরনো কেচাপ পরিবেশন করা হচ্ছে।’’
গত ২২ ফেব্রুয়ারি ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘বিশ্বাস১২২৮’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। তিন হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখে বহু নেটাগরিক তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘লজ্জা! বার বার প্রতিশ্রুতি দিয়ে যাত্রীদের জীবন নিয়ে খেলা করছে রেল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘দয়া করে প্রিমিয়াম ট্রেনের যাত্রীদের সঙ্গে খেলা করবেন না।’’
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের (আইআরসিটিসি) অফিসিয়াল অ্যাকাউন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি একটি পুরনো ঘটনা এবং এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।