রিল তৈরি করতে করতে বাহ্যজ্ঞান হারিয়ে সোজা নর্দমায় ঢুকে গেলেন এক তরুণী। পরিস্থিতি এতটাই সঙ্গিন হয়ে ওঠে যে নর্দমা থেকে তরুণীকে তোলার জন্য পুলিশ ডাকতে হয়েছিল। নর্দমার নোংরা জলে গলা পর্যন্ত ডুবে ছিলেন ২২ বছরের ওই তরুণী। ঘটনাটি দিল্লির। নর্দমার জলে ডুবে নাস্তানাবুদ হওয়ার ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে দড়ির সাহায্য তরুণীকে নর্দমা থেকে উদ্ধার করার জন্য কসরত চালাচ্ছেন পুলিশকর্মীরা। তাঁকে টেনে তোলার জন্য দু’-তিন জন পুলিশকর্মী সাবধানে নর্দমার ধারে চলে গিয়েছেন। সংবাদ প্রতিবেদন অনুসারে দিল্লির নজফগঢ়ের বাসিন্দা ওই তরুণী আবর্জনা ভরা নর্দমার দৃশ্যের ভিডিয়ো তুলে সচেতনতার পাঠ পড়াতে চেয়েছিলেন। সেই রিল তৈরির প্রচেষ্টা আক্ষরিক অর্থেই জলে ভেসে যায়। ঢালু ধারে পা ফস্কে তরুণী সোজা নর্দমায় গিয়ে পড়েন।
আরও পড়ুন:
সৌভাগ্যবশত, সেই সময় দিল্লি পুলিশের একটি টহল ভ্যান ওই এলাকা দিয়ে যাচ্ছিল। পুলিশের কর্মকর্তারা সাহায্যের জন্য চিৎকার শুনতে পান। দ্রুত তাঁরা উদ্ধার করতে ছুটে যান। পরে দিল্লি পুলিশের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে এক পুলিশকর্মী দড়ি নামিয়ে তরুণীকে সাবধানে টেনে তুলছেন নর্দমা থেকে। তরুণী পরে পুলিশকে জানিয়েছেন যে, ঝুঁকিপূর্ণ স্টান্ট করা তাঁর উদ্দেশ্য ছিল না। এলাকার নর্দমার খারাপ অবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চেয়েছিলেন তিনি। কী ভাবে মানুষ আবর্জনা ফেলে নর্দমাগুলি বন্ধ করে দিচ্ছে তার চিত্র তুলে ধরতেই রিল তৈরি করতে গিয়েছিলেন তরুণী। সেই সাধু উদ্যোগ যে এ ভাবে মাঠে মারা যাবে তা কল্পনাও করতে পারেননি তিনি।
ভিডিয়োটি ‘মঞ্চ_অফিসিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষের নজরে পড়েছে ভিডিয়োটি। বহু ব্যবহারকারীই মনে করছেন সমাজমাধ্যমে ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে বাস্তব জীবনে বিপদের মুখে পড়তে হয়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘রিলের কারণে মানুষ প্রাণও হারিয়েছে, জীবনকে হালকা ভাবে নিলেই বিপদ।’’