ককপিটে বসে কুকুর-বেড়ালের ডাক ডাকছিলেন আমেরিকার দুই বিমানচালক। হট মাইকে সেই আওয়াজ ভেসে উঠতেই তাঁদের সাবধান করল এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। তাঁদের পেশাদার হওয়ার পরামর্শও দিল। মজার সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে রবিবার। রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে রেডিয়ো যোগাযোগের সময় ওই দুই পাইলটকে বিড়ালের ডাক ও কুকুরের ডাকের মতো পশুর আওয়াজ করতে শোনা যায় এটিসির অফিসে। তৎক্ষণাৎ পদক্ষেপ করেন এক জন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার। তাঁদের পেশাদার হতে বলেন তিনি। তবে তার পরেও ‘মিউ মিউ’ এবং ‘ঘেউ ঘেউ’ করে বিড়াল এবং কুকুরের ডাকের অনুকরণ করতে শোনা যায় দুই পাইলটকে। শোরগোল চলতে থাকলে কন্ট্রোলার কড়া হয়ে মন্তব্য করেন, “এই কারণেই এখনও আপনাদের পদোন্নতি হচ্ছে না।” সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই মন্তব্যের জবাবে আরও ‘মিউ মিউ’ শব্দ শোনা গিয়েছিল। সেই সংক্রান্ত ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রসঅ্যালার্টস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
অন্য দিকে আমেরিকার বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঘটনাটির তদন্ত করা হবে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এফএএ জানিয়েছে যে, নিয়ম অনুযায়ী পাইলটদের ১০,০০০ ফুটের নীচে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা নিষিদ্ধ এবং সমস্ত যোগাযোগ অবশ্যই বিমানের নিরাপদে পরিচালনার সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে।
আরও পড়ুন:
এই ধরনের আচরণ যে একেবারেই নজিরবিহীন, তা নয়। ২০২১ সালের দক্ষিণ চিন সাগরের উপর দিয়ে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর বিমানের এক পাইলটকেও বিড়ালের মতো ডাকতে শোনা গিয়েছিল।