Advertisement
E-Paper

পেট্রল পাম্পে সিগারেট খাওয়ায় বাধা, রাগে ট্যাঙ্কে জ্বলন্ত লাইটার দিলেন তরুণ, দাউদাউ করে জ্বলে উঠল বাইক! ভিডিয়ো ভাইরাল

পেট্রল পাম্পে ধূমপান করা বিপজ্জনক বলে বন্ধুকে সামান্য ধাক্কা দিয়ে সিগারেট ধরাতে নিষেধ করেছিলেন তরুণ। কিন্তু বন্ধুর বারণ শুনলেন না তিনি। রাগের মাথায় বাইকের জ্বালানি ট্যাঙ্কের মুখে লাইটার জ্বালিয়ে দেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্ধুর সঙ্গে বাইকে তেল ভরতে পেট্রল পাম্পে গিয়েছিলেন এক তরুণ। বাইকে বসেছিলেন তিনি। অন্য দিকে, তাঁর বন্ধু বাইক থেকে নেমে পেট্রল পাম্পে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছিলেন। বিপদের আশঙ্কা করে বন্ধুকে সচেতন করতে সামান্য ধাক্কা দিয়েছিলেন তরুণ। সেই ধাক্কায় বন্ধুত্বের জোর ছাড়া আর কিছু ছিল না। কিন্তু তরুণের বন্ধু এই ঘটনায় গেলেন রেগে। তাঁকে সিগারেট খেতে বাধা দেওয়া হয়েছে বলে তিনি বাইকের জ্বালানি ট্যাঙ্কের মুখে লাইটার জ্বালিয়ে দিলেন।

সেই মুহূর্তে পেট্রল ঢালা হচ্ছিল বাইকে। মুহূর্তের মধ্যে লাইটার থেকে বাইক এবং তেল সরবরাহকারী পাইপে আগুন ধরে যায়। ভয়ে সেখান থেকে পালিয়ে যান দুই তরুণ এবং পেট্রল পাম্পের এক কর্মী। সঙ্গে সঙ্গে পেট্রল পাম্পের এক কর্মী অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে এসে আগুন নিবিয়ে বড় বিপদের হাত থেকে সকলকে রক্ষা করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘হেট ডিটেক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ সিগারেট ধরাতে গিয়ে তাঁর বন্ধুর বাইকের জ্বালানি ট্যাঙ্কে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এই ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় ছত্তীসগঢ়ের রায়পুরের উরলা এলাকায় ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই তরুণের নাম ধর্মেন্দ্র এবং ইমরান। পেট্রল পাম্পে বাইকে তেল ভরাতে গিয়েছিলেন তাঁরা। ইমরান বাইকে বসে থেকে তেল ভরাচ্ছিলেন। ধর্মেন্দ্র বাইক থেকে নেমে সিগারেট ধরাচ্ছিলেন। পেট্রল পাম্পে ধূমপান করা বিপজ্জনক বলে ধর্মেন্দ্রকে সামান্য ধাক্কা দিয়ে সিগারেট ধরাতে নিষেধ করেছিলেন ইমরান। কিন্তু বন্ধুর বারণ শোনেননি ধর্মেন্দ্র। রাগের মাথায় বাইকের জ্বালানি ট্যাঙ্কের মুখে লাইটার জ্বালিয়ে দেন তিনি। সেই সময় বাইকে তেল ভরছিলেন পেট্রল পাম্পের এক কর্মী। মুহূর্তের মধ্যে লাইটার থেকে আগুন লেগে ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন লাগে ধর্মেন্দ্রের পোশাকে। তবে তিনি আহত হননি।

প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যান পেট্রল পাম্পের কর্মী এবং দুই তরুণ। আগুন লেগে গিয়েছে দেখে সে দিকে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ছুটে যান পেট্রল পাম্পের অন্য এক কর্মী। কিন্তু সেই যন্ত্রটি অচল থাকায় তা সেখানেই রেখে দেন তিনি। আগুন যেন ভয়াবহ রূপ ধারণ না করে, সে কারণে তেলের মূল সরবরাহ বন্ধ করে দেন সেই কর্মী। মুহূর্তের মধ্যে অন্য একটি অগ্নি নির্বাপক যন্ত্র এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি।

দায় নিতে হতে পারে ভেবে বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন দুই তরুণ। কিন্তু পেট্রল পাম্পের ম্যানেজার ছুটে গিয়ে তাঁদের পাকড়াও করেন এবং পুলিশে খবর পাঠান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দুই তরুণকে গ্রেফতার করা হয়। মুহূর্তের মধ্যে আগুন নিবিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পেট্রল পাম্পের কর্মীর বুদ্ধির প্রশংসাও করেছে পুলিশ।

Viral Video Chhattisgarh raipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy