বর্ষায় ভারতের যে সব স্থানের বিপর্যস্ত দশা হয়, তার মধ্যে মহারাষ্ট্রের মুম্বই শহর অন্যতম। মায়ানগরীতে বর্ষায় ঘটে যাওয়া নানা দুর্ঘটনার কথা প্রায়ই শোনা যায়। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রবল বর্ষায় কার্যত ভেসে গিয়ে একটি নর্দমায় আটকে পড়েন এক তরুণ। জানা গিয়েছে, ঘটনাটি দহিসরের। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ওই তরুণকে উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি নর্দমা থেকে এক তরুণকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন তিন পুলিশকর্মী। সে কাজে এগিয়ে এসেছেন এক সাধারণ মানুষও। সকলের চেষ্টায় নর্দমা থেকে উঠে আসেন ওই তরুণ। তাঁকে দৃশ্যতই আতঙ্কগ্রস্ত বলে মনে হচ্ছিল। আশপাশে বেশ কয়েক জন লোককেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদেরই মধ্যে কারও ক্যামেরায় এই ঘটনা ধরা পড়েছে বলে মনে করা যায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, নর্দমা পড়ে গিয়ে আহত এক তরুণের বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দহিসর থানার কয়েক জন পুলিশকর্মী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ওই তরুণকে নর্দমায় আটকে পড়া অবস্থায় পাওয়া যায়। পুলিশের দ্রুত তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির ফলে একটি লোহার জাল কেটে তাঁকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। ওই তরুণ বর্তমানে নিরাপদে আছেন এবং বাড়ি ফিরে গিয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
আরও পড়ুন:
‘মুম্বইপুলিশ’-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ৩৬ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে। পুলিশকর্মীদের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক নেটাগরিক আবার প্রশ্ন তুলেছেন, “এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও কি পুরসভার চোখ খুলবে না?”