Advertisement
E-Paper

যা দেখি তা-ই শিখি! পুতুলের শবদেহ বওয়ার খেলায় মেতে শিশুরা, গাজ়ার উদ্বাস্তু শিবিরের ভিডিয়োয় চোখ ভিজল নেটপাড়ার

ছোট্ট স্ট্রেচারের ভার সামলাতে গিয়ে যদিও তাদের পা টলমল করছে। এক জন তো আবার টাল সামলাতে না পেরে পড়েই গেল। তার পরেও উঠে গিয়ে বন্ধুদের সাহায্য করতে ব্য়স্ত হয়ে পড়ল সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৬:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ধুলোবালি মেখে সাদা পুতুলটি নোংরা হয়ে গিয়েছে। মাথায় গোলাপি টুপি, পায়ে গোলাপি মোজা, গোল গোল চোখে হাসিমুখ পুতুলটি নিয়েই ব্যস্ত শিশুদের দল। পুতুলটিকে নিয়ে খেলা করছে তারা। কিন্তু সেই খেলায় ফুটে উঠেছে বাস্তবের নির্মম চিত্র। পুতুলের ‘শবদেহ’ স্ট্রেচারে অতি সাবধানে তুলে তা বয়ে নিয়ে চলেছে পাঁচ জন শিশু। টলমল পায়ে স্ট্রেচারের ভার সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠছে তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

আল জাজ়িরা সূত্রে খবর, প্যালেস্টাইনের এক বিষয়স্রষ্টা গাজ়ার এক উদ্বাস্তু শিবিরে গিয়েছিলেন। সেখানে রাস্তায় চার জন শিশুকে একটি পুতুল নিয়েই খেলাধুলা করতে দেখে থমকে যান তিনি। শৈশব থেকেই তাদের কাছে বাস্তবের নির্মম চিত্র এমন প্রকট ভাবে ফুটে উঠেছে যে, খেলাধুলার মধ্যেও হাসিমুখে সেই নির্মমতার ছাপ ধরা পড়ছে। পুতুলটিকে একটি স্ট্রেচারে শুইয়ে সেই স্ট্রেচারটি বয়ে নিয়ে যাওয়াই খেলা তাদের।

নিজেদের প্রিয় পুতুলের ‘শবদেহ’ও হাসিমুখে বইতে পারছে তারা। ছোট্ট স্ট্রেচারের ভার সামলাতে গিয়ে যদিও তাদের পা টলমল করছে। এক জন তো আবার টাল সামলাতে না পেরে পড়েই গেল। তার পরেও উঠে গিয়ে বন্ধুদের সাহায্য করতে ব্য়স্ত হয়ে পড়ল সে। ‘শবদেহ’ বওয়ার খেলাতেই আনন্দ খুঁজে পাচ্ছে শিশুরা। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সহানুভূতি প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাস্তবের রূঢ়তা শৈশবের আনন্দগুলোকেও কেমন বদলে দেয়! চোখের সামনে ওরা যা দেখছে, তা-ই খেলার মাধ্যম ভাবছে। ভিডিয়োটি দেখে মন খুব খারাপ হয়ে গেল।’’

Viral Video Israel Gaza war Israel Palestine Conflict Gaza City
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy