Advertisement
E-Paper

ধাওয়া করছিল পুলিশ, গ্রেফতারি এড়াতে শহিদ কপূরের ‘শিক্ষা’ প্রয়োগ করল অপরাধীরা! তাতেও হল না শেষ রক্ষা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি সপ্তাহের শুরুতে ঘটে। সোনভদ্রে এক দল মাদক পাচারকারী একটি গাড়িতে সিগন্যাল উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় ‘স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)’-এর আধিকারিকেরা তাদের পিছু নেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১১:২০
Police chased smugglers in Uttar Pradesh, they does a move inspired from web seies Farzi

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সিরিজ়ের দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে বাস্তবে সেই দৃশ্যের প্রতিফলন ঘটাল অপরাধীরা। শহিদ কপূর অভিনীত ‘ফরজি’ ওয়েব সিরিজ়ের দৃশ্যের পুনরাবৃত্তি হিসাবে গ্রেফতারি এড়াতে রাস্তায় নোট ছড়াল এক দল মাদক পাচারকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রে। জানা গিয়েছে, পুলিশ যখন ওই মাদক পাচারকারীদের গাড়ি ধাওয়া করছিল, তখন তারা পুলিশদের গাড়ি আটকাতে রাস্তায় একশো টাকার এক বান্ডিল নোট ছড়িয়ে দেয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি সপ্তাহের শুরুতে ঘটে। সোনভদ্রে এক দল মাদক পাচারকারী একটি গাড়িতে সিগন্যাল উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় ‘স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)’-এর আধিকারিকেরা তাদের পিছু নেন। পুলিশের গাড়ি একদম কাছে এসে গেলে অপরাধীরা বার বার তাদের গাড়ি দিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। ফলে পুলিশের গাড়ি অকেজো হয়ে পড়ে। প্রদীপ কুমার মোদনওয়াল নামে এক স্থানীয় ব্যক্তি পুলিশকে তাঁর গাড়ি ব্যবহারের প্রস্তাব দিলে আবার ধাওয়া করা শুরু করেন এসওজি আধিকারিকেরা। সেই মুহূর্তে পাচারকারীরা পুলিশকে আটকাতে গাড়ির জানলা দিয়ে রাস্তায় ১০০ টাকার নোট ছুড়তে শুরু করে। তবে পুলিশ তাদের পিছু ছাড়েনি। অবশেষে গাড়িটিকে ধরে ফেলে পুলিশ।

জানা গিয়েছে, কোণঠাসা হয়ে পড়ার পর পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাচারকারীরা। জবাবে পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশের গুলিতে প্রিন্স নামে এক অভিযুক্ত আহত হন। গ্রেফতার করা হয় তাঁকে। কিন্তু তাঁর সহযোগীরা পালিয়ে যান। আটক করা হয় গাড়িটিকেও। পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে প্রায় ৩ কেজি আফিম এবং ২২৫ কেজি পোস্তদানা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪৯ লক্ষ টাকা। গা়ড়িটি থেকে নগদ ৫০ হাজার টাকা, একটি দেশি পিস্তল এবং একটি কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অন্য দিকে, ধৃত মাদক পাচারকারী পুলিশকে জানিয়েছে, সে ঝাড়খণ্ড থেকে পঞ্জাবে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। অতীতেও একাধিক বার একই ধরনের কাজ করেছে সে।

Uttar Pradesh Uttar Pradesh Police Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy