প্রেমের সপ্তাহ উদ্যাপন করতে হোটেলে গিয়েছিলেন যুগল। কামরা ভাড়া করেছিলেন। কিন্তু ভালবাসা পরিণত হল কলহে। প্রেমিকের সঙ্গে ঝগড়ার মাঝেই হোটেলের চারতলার জানালা দিয়ে ঝাঁপ দিলেন তরুণী। বৃহস্পতিবার দুপুরে পূর্ব দিল্লির বিশ্বাস নগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ২২ বছর বয়সি প্রেমিকের সঙ্গে পূর্ব দিল্লির বিশ্বাস নগর এলাকার একটি হোটেলে গিয়েছিলেন ২০ বছর বয়সি ওই তরুণী। হোটেলে চেক ইন করেন তাঁরা। জানা গিয়েছে, হোটেলে থাকাকালীন কোনও কারণবশত ঝগড়া হয় যুগলের। এর পরেই রাগের বশে হোটেলের চারতলার জানালা দিয়ে লাফিয়ে পড়েন তরুণী। এর পর স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ফারশ বাজার থানার পুলিশ। তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয় তরুণীকে। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঠিক ক্রম নির্ধারণ এবং যথাযথ আইনি ব্যবস্থা নির্ধারণের জন্য তদন্ত চলছে। হোটেলকর্মীদের বক্তব্যও রেকর্ড করা হচ্ছে।