শীতকালীন অলিম্পিক্সে দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছেন। দাঁড়িয়েছিলেন ময়দানের পাশেই। কিন্তু সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় আনন্দ উদ্যাপনের বদলে কেঁদে ফেললেন নরওয়ের বাইঅ্যাথলিট স্টুর্লা হোলম লেগ্রিড। অন্য সম্পর্কে জড়িয়ে ঠকানোর জন্য জনসমক্ষে প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন তিনি। টেলিভিশনেও ধরা পড়ল সেই দৃশ্য। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শীতকালীন অলিম্পিক্সে নরওয়ের হয়ে ব্রোঞ্জ জিতেছেন বিশ্বের অন্যতম সেরা বাইঅ্যাথলিট হিসাবে পরিচিত লেগ্রিড। শীতকালীন অলিম্পিক্সে বায়াথলন হল ক্রস-কান্ট্রি স্কিইং এবং রাইফেল শুটিংয়ের সমন্বয়ে গঠিত একটি রোমাঞ্চকর খেলা। সেই খেলাতেই ব্রোঞ্জ জিতেছেন ২৮ বছর বয়সি লেগ্রিড। শীতকালীন অলিম্পিক্সে তিনিই নরওয়ের হয়ে প্রথম পদক জিতেছেন।
তবে পদক জেতার পর আনন্দ উদ্যাপনের পরিবর্তে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় লেগ্রিডকে। প্রতারণার জন্য বান্ধবীর কাছে জনসমক্ষে ক্ষমা চান তিনি। কেঁদেও ফেলেন। সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় লেগ্রিডকে বলতে শোনা যায়, “এমন এক জন রয়েছে, যার সঙ্গে আমি এই আনন্দ ভাগ করে নিতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে আজ আর দেখছে না। ছ’মাস আগে আমি আমার জীবনের ভালবাসার সঙ্গে দেখা করেছিলাম। বিশ্বের সবচেয়ে সুন্দর এবং দয়ালু মানুষ। কিন্তু মাস তিনেক আগে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করি তার সঙ্গে প্রতারণা করে, তার বিশ্বাস নিয়ে খেলে।”
আরও পড়ুন:
কাঁদতে কাঁদতে খেলোয়াড় আরও বলেন, “জীবনে আমার কাছে আগে থেকেই স্বর্ণপদক ছিল। আমি নিশ্চিত যে অনেক মানুষই সব কিছু ভিন্ন ভাবে দেখবে। কিন্তু আমি কেবল তাকেই দেখতে চাই। আমি চাই ওর সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে। কিন্তু উপায় নেই।’’ তিনি অনুতপ্ত বলেও জানান লেগ্রিড। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কলিন রাগ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভি়ডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আপনি হয়তো সত্যিই অনুতপ্ত। তবে যা করেছেন, তার কোনও ক্ষমা হয় না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভুল উনি করেছেন। কিন্তু সারা বিশ্বের সামনে ভুল স্বীকার করার এবং ক্ষমা চাওয়ার ক্ষমতা সকলের থাকে না।’’