Advertisement
E-Paper

‘ধোঁয়া, আবর্জনা আর সর্বত্র কৌতূহলী দৃষ্টি’! ভারতসফরের অভিজ্ঞতা জানালেন বিদেশিনি, ভিডিয়ো দেখে দ্বিধাবিভক্ত নেটপাড়া

সম্প্রতি একটি ভিডিয়োয় এক বিদেশিনি জানিয়েছেন, ভারত ভ্রমণ মাঝেমধ্যে তাঁর কাছে এক প্রবল মানসিক চাপেরও বিষয় হয়ে উঠেছিল। ধুলোবালি, আবর্জনা আর যানজটের বিশৃঙ্খলা তো ছিলই, সেই সঙ্গে ছিল মানুষের কৌতূহলী দৃষ্টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১২:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিদেশ থেকে ভারতে ঘুরতে এসেছিলেন সিঙ্গাপুরবাসী এক তরুণী। উত্তর ভারত ভ্রমণ করেছেন তিনি। ‘তায়েনরসিফ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একাধিক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। হাওয়া মহল, তাজমহল এবং লাল কেল্লা-সহ বেশ কয়েকটি বিখ্যাত স্থানে তাঁর ভ্রমণের বিবরণ তুলে ধরেছেন ওই তরুণী। সেই অভিজ্ঞতা ভিডিয়োর মাধ্যমে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

বিদেশিনির কথায়, আন্তর্জালে প্রায়ই ভারত সম্পর্কে নানা বিষয় জানতে পারতেন তিনি। এর মধ্যে বিভিন্ন নেতিবাচক দিকও ছিল। সে সব দেখে ‘আসল ভারত’কে জানার ব্যাপারে কৌতূহলী হয়ে উঠেছিলেন তিনি।

উত্তর ভারত ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে, ভারত ভ্রমণ মাঝেমধ্যে তাঁর কাছে এক প্রবল মানসিক চাপের বিষয় হয়ে উঠেছিল। ধুলোবালি, আবর্জনা আর যানজটের বিশৃঙ্খলা তো ছিলই, সেই সঙ্গে ছিল মানুষের কৌতূহলী দৃষ্টি। পুরুষদের তো বটেই, মহিলারাও নাকি বাদ ছিলেন না। তরুণী আরও বলেছেন, যদি কেউ কোনও শান্ত ও নিরিবিলি পরিবেশে ছুটি কাটাতে চান, তবে ভারত তাঁর জন্য আদর্শ গন্তব্য নয়।

পাশাপাশি ভারতের বিভিন্ন বিষয়ের প্রশংসাও করেছেন ওই তরুণী। তাঁর মতে, ভারতের সর্বত্র ছড়িয়ে রয়েছে ইতিহাস, সংস্কৃতি আর বিচিত্র সব গল্প। এমন প্রাণবন্ত আর বর্ণময় শহর তিনি আগে কখনও দেখেননি বলেই জানিয়েছেন। বেড়ানোর সময় তিনি এমন কিছু মানুষের সংস্পর্শে এসেছেন যাঁরা তাঁর নিরাপত্তার ব্যাপারে সত্যিই যত্নশীল ছিলেন বলেও জানিয়েছেন। স্থানীয় গাইডদের নাম উল্লেখ করে তাঁদের কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। এমনকি এ-ও বলেছেন যে, অন্য অনেক উন্নত জায়গার তুলনায় ‘সোলো ট্রাভেল’-এর ক্ষেত্রে ভারত অনেক বেশি নিরাপদ বলেই মনে করেন তিনি। এ দেশে আবার ঘুরতে আসার ইচ্ছার কথাও বলেছেন বিদেশিনি।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটপাড়ায়। কেউ কেউ তাঁর তিক্ত অভিজ্ঞতার কারণে ক্ষমা চেয়েছেন। এক নেটাগরিক তাঁকে এর পর দক্ষিণ ভারতে ঘুরতে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

Vlogger Influencer Blogger Delhi Agra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy