Advertisement
E-Paper

সমকামী স্বামীর সঙ্গে সহবাস, বছর ঘুরতেই সন্তানের মুখ দেখলেন নেটপ্রভাবী তরুণী! সমালোচনায় মুখর নেটমাধ্যম

মার্কিন দম্পতি সামান্থা উইন গ্রিনস্টোন এবং জ্যাকব হফ সম্প্রতি এক পুত্রসন্তানের জন্ম দিয়ে হইচই ফেলে দিয়েছেন। জ্যাকব এক জন থিয়েটারশিল্পী। বর্তমানে এই দম্পতি টিকটকে বিষয়স্রষ্টা হিসাবে পরিচিতি লাভ করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১২:৫৭
US woman has spoken about becoming a mother with gay husband

ছবি: সংগৃহীত।

স্বামী সমকামী। এক বছরের দাম্পত্য। ৩৮ বছরে প্রথম মাতৃত্বের স্বাদ পেলেন তরুণী। অনন্য এক দাম্পত্যের কাহিনি সমাজমাধ্যমে প্রকাশ্য আসতেই আলোচনা শুরু হয়েছে। কারণ তরুণীর স্বামী প্রকাশ্যে নিজেকে সমকামী হিসাবে পরিচয় দেন। তা সত্ত্বেও তরুণী কী ভাবে মা হলেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই নেটপাড়ায়।

সংবাদ প্রতিবেদন অনুসারে, মার্কিন দম্পতি সামান্থা উইন গ্রিনস্টোন এবং জ্যাকব হফ সম্প্রতি এক পুত্রসন্তানের জন্ম দিয়ে হইচই ফেলে দিয়েছেন। জ্যাকব এক জন থিয়েটারশিল্পী। বর্তমানে এই দম্পতি টিকটকে বিষয়স্রষ্টা হিসাবে পরিচিতি লাভ করেছেন। বিভিন্ন ভিডিয়োয় সামান্থা এবং জ্যাকব জানিয়েছেন, তাঁরা সুখী বিবাহিত জীবনযাপন করছেন। দম্পতি স্পষ্ট করে জানিয়েছেন যে, তাঁরা গর্ভধারণের জন্য আইভিএফ বা কোনও চিকিৎসা পদ্ধতি বেছে নেননি। সংবাদমাধ্যমে জ্যাকব বলেন, ‘‘আমরা স্বাভাবিক উপায়ে আমাদের সন্তান পরিকল্পনা করেছি।’’ সামান্থা জানিয়েছেন, ‘‘আমরা প্রেমে পড়েছি এবং সেই কারণেই আমরা একসঙ্গে আছি।’’

একটি ভিডিয়োয় সামান্থা জানিয়েছেন, ভিডিয়োগুলি পোস্ট করার পর বহু তির্যক মন্তব্য ধেয়ে এসেছে তাঁদের প্রতি। বহু নেটাগরিকই তাঁকে ব্যঙ্গ করে সন্তানের দিদিমা বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে, তিনি গর্ভাবস্থায় এবং স্তন্যপান করানোর জন্য বোটক্স এড়িয়ে চলেছিলেন। প্রসবের পর তাঁকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়েছিল। সেই প্রভাব সাময়িক ভাবে তাঁর চেহারায় ফুটে উঠেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থা এবং জ্যাকবের প্রথম দেখা হয় একটি থিয়েটারে অডিশনের সময়। তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। জ্যাকব ২০২৩ সালের ডিসেম্বরে একটি হোটেলের বাইরে সামান্থাকে বিবাহের প্রস্তাব দেন। ২০২৪ সালের নভেম্বরে ইহুদি মতে তাঁদের বিয়ে হয়।

কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী তাঁদের সম্পর্ককে ‘ল্যাভেন্ডার বিবাহ’ বলে চিহ্নিত করেছেন। প্রায়শই সমকামী বা উভকামী ব্যক্তিরা তাঁদের যৌনচাহিদা গোপন করার জন্য এই ধরনের বিবাহের আশ্রয় নেন। সামাজিক চাপ, কর্মজীবনের নিরাপত্তা বা সামাজিক গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এই ধরনের বিয়েতে রাজি হন তাঁরা। সেই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন এই দম্পতি। জ্যাকব জানিয়েছেন, তিনি এই বিবাহে খুবই সন্তুষ্ট।

Gay Influencer TikTok Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy