Advertisement
E-Paper

গবাদি পশুদের নিয়ে অভিযোগ জানানোর শিবিরে ঢুকে সরকারি কর্মচারীদের তাড়া করল জোড়া ষাঁড়! হৃষীকেশের ভিডিয়ো ভাইরাল

শিবিরে উপস্থিত সরকারি কর্মচারীদের গুঁতো মারার জন্য তাঁদের পিছনে তাড়া করে জোড়া ষাঁড়। ভয় পেয়ে শিবির ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন কর্মচারীরা। পরে লাঠি দিয়ে মেরে ষাঁড় দু’টিকে তাড়ানো হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জনসাধারণের অভিযোগ শোনার জন্য প্রশাসনের তরফে শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘অনুপ্রবেশকারী’ হয়ে ঢুকে পড়ল জোড়া ষাঁড়। তাড়া করল সরকারি কর্মচারীদের। ভয়ে শিবির থেকে বেরিয়ে পড়েন সকলে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দ্যহক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে, রাস্তার ধারে আয়োজিত একটি শিবিরে ঢুকে পড়েছে দু’টি ষাঁড়। সম্প্রতি এই ঘটনাটি হৃষীকেশের রামলীলা মাঠের একটি শিবিরে ঘটেছে।

জনসাধারণের অভিযোগ শোনার জন্য ‘জন জন কি সরকার, জন জন কি দ্বার’ নামের একটি শিবিরের আয়োজন করা হয়েছিল প্রশাসনের তরফে। রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থার দুরবস্থা নিয়ে বার বার প্রশাসনের কাছে অভিযোগ করছিলেন স্থানীয়েরা। কিন্তু নজরে পড়ার মতো কোনও পদক্ষেপই করা হয়নি।

স্থানীয়দের অভিযোগের মাত্রা বেড়েই চলেছিল। তাই স্থানীয়দের সঙ্গে সরাসরি আলোচনা করতে শিবিরের আয়োজন করেছিল প্রশাসন। গবাদি পশুর অবাধ বিচরণের ফলে ক্রমাগত বেড়ে চলা পথ দুর্ঘটনা নিয়েও অভিযোগ জানাচ্ছিলেন সেখানকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রামলীলা ময়দানের কাছে রাস্তা এবং সেতুতে গবাদি পশুরা ঘুরে বেড়ায়। তার ফলে বহু বার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গবাদি পশুদের স্থানান্তরের অনুরোধ করলেও সেই পদক্ষেপ খুব ধীর গতিতে করা হচ্ছে।

নিত্য দিনের এই ঝুঁকি নিয়েই অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয়েরা। তখনই শিবিরের মধ্যে দু’টি ষাঁড় ঢুকে পড়ে। সরকারি পরিষেবা প্রদানকারী শিবিরে ঢুকে চারদিক লন্ডভন্ড করতে শুরু করে দেয় তারা। শিবিরে উপস্থিত সরকারি কর্মচারীদের গুঁতো মারার জন্য তাঁদের তাড়া করে। ভয় পেয়ে শিবির ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন কর্মচারীরা।

পরে লাঠি দিয়ে মেরে ষাঁড় দু’টিকে তাড়ানো হয়। এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসাহাসি শুরু করেছেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘নিজেদের নামে অভিযোগ শুনে রেগে গিয়েছিল ষাঁড় দু’টি। তাই শিবিরে ঢুকে অশান্তি করেছে।’’

Viral Video Hrishikesh animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy