Advertisement
E-Paper

সাংবাদিক পরিচয় দিয়ে বকেয়া ভাড়া না মেটানোর অভিযোগ! ক্যাবচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা তরুণীর, ভাইরাল ভিডিয়ো

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা ভিডিয়ো অনুযায়ী, ওই তরুণী অ্যাপ ক্যাবচালককে ২০০ টাকা ভাড়া দিতে অস্বীকার করছেন। চালক তাঁর ফোনে ঘটনাটি ক্যামেরাবন্দি করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৬:৩৬
Video claims a passenger says she is a journalist and refused to pay cab driver

নিজেকে সাংবাদিক দাবি করা ওই তরুণী। ছবি: এক্স থেকে নেওয়া।

সমাজমাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে ব্যাপক ভাবে শেয়ার হওয়া একটি ভিডিয়ো। ভিডিয়োয় দেখা গিয়েছে, নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া এক তরুণী এবং এক জন অ্যাপ ক্যাবচালকের মধ্যে বকেয়া ভাড়া নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। দাবি, সাংবাদিক বলে ভাড়া দিতে অস্বীকার করেন তরুণী। আর তার থেকেই গন্ডগোলের সূত্রপাত। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা ভিডিয়োয় অভিযোগ করা হয়েছে, ওই তরুণী অ্যাপ ক্যাবচালককে ২০০ টাকা ভাড়া দিতে অস্বীকার করছেন। চালক তাঁর ফোনে ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োয় ক্যাবচালককে বলতে শোনা যায়, “আপনি সাংবাদিক হয়ে আমাকে ভয় দেখাচ্ছেন ক্যাবের ভাড়া এড়ানোর জন্য।’’ বাগ্‌বিতণ্ডা বাড়তে থাকলে, ওই তরুণী উত্তর দেন, “এখন থানায় গিয়ে কথা হবে। এই বিষয়টি থানায় নিয়ে যাব এবং সেখানে ভাড়া নিয়ে আলোচনা করব।’’ চালক তখন বলেন, “আপনি যেখানে যেতে চান নিয়ে যাব। শুধু আমার ভাড়া মিটিয়ে দিন এবং অ্যাপে গন্তব্যের নাম বদলান।” ভিডিয়োটির শেষের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। চালককে ভিডিয়ো করা থেকে বিরত রাখার জন্য তাঁর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তরুণী। তবে চালক ভিডিয়ো করা চালিয়ে যান এবং দাবি করেন, পুরো ভাড়া পাওয়ার অধিকার তার রয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে তরুণী আদতে সাংবাদিক কি না এবং তিনি বকেয়া টাকা মিটিয়েছেন কি না তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই ক্ষোভ প্রকাশও করেছেন অনেকে। চালকের প্রতি সহানুভূতি প্রকাশ করার পাশাপাশি মহিলার আচরণের সমালোচনাও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, “কী চতুর! সাংবাদিক হন আর যে-ই হন, ক্যাবে চড়লে ভাড়া দিতেই হবে।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাংবাদিকদের নাম খারাপ করার অধিকার তরুণীর নেই।”

Advertisement
Viral Video journalist
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy