কৃষক ভাতার টাকা পেয়েই নর্তকীদের নাচ দেখতে চলে গেলেন বৃদ্ধ। টাকা গুনতে গুনতে ঢুকে গেলেন মাঠে। বাহুর নীচে লাঠি ধরে নর্তকীদের সঙ্গে পাল্লা দিয়ে নাচলেনও! সে রকমই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামে নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চে নাচছেন দুই তরুণী নর্তকী। নীচে ভিড় করে দাঁড়িয়ে জনতা। এর মধ্যেই এক বয়স্ক মানুষকে অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড়িয়ে খুব স্বাভাবিক ভাবে টাকা গুনতে দেখা যায়। টাকা গুনেই সোজা নাচের অনুষ্ঠানে ঢুকে পড়েন বৃদ্ধ। এর পর যা ঘটে তা দেখে চমকে গিয়েছে নেটপাড়া। হাসির রোল উঠেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের কাছে পৌঁছে টাকা হাতে নাচতে শুরু করেন বৃদ্ধ। অবলম্বনের লাঠি চলে যায় বাহুর নীচে। নতর্কীদের সঙ্গে পাল্লা দিয়ে হিন্দি গানের তালে তালে দু’হাত তুলে নাচতে থাকেন তাঁরা। বৃদ্ধকে নাচতে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যান। অনেকে হাসাহাসিও শুরু করেন। আনন্দে ভরে ওঠে অনুষ্ঠানস্থলের পরিবেশ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হরিরামভাইয়া৮’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভাইরাল ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘কাকু আমাদের জীবনযাপনের সঠিক পথ দেখিয়েছেন।’’ অন্য এক জন লিখছেন, ‘‘সরকারি টাকার সদ্ব্যবহার করেছেন বৃদ্ধ।’’