পরীক্ষার মার্কশিট দেখার জন্য মা বেঁচে নেই। তাই জন্মদাত্রীর কবরে গিয়েই সেই মার্কশিট দেখিয়ে এল খুদে দুই পুত্র। তেমনটাই দাবি করে হৃদয়বিদারক একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গোরস্থানে গিয়েছে দুই বালক। তাদের হাতে হলুদ রঙের দু’টি মার্কশিট। স্কুল থেকে সেই মার্কশিট হাতে নিয়েই সেখানে পৌঁছেছে তারা। এর পর একটি কবরে কাছে গিয়ে পরীক্ষার ফল ভাল হওয়া নিয়ে আনন্দ প্রকাশ করে ওই দুই বালক। ‘মা, মা’ বলে ডাকতেও দেখা যায় তাদের। প্রার্থনাও করে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ওই কবর তাদের মৃত মায়ের। মা বেঁচে না থাকার কারণে মায়ের কবরের সামনেই মার্কশিট দেখাতে এসেছিল তারা।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘মহম্মদ_সরওয়াত_খান’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর আবেগঘন হয়ে পড়েছে নেটপাড়া। নেটাগরিকদের অনেকেই জানিয়েছেন, ওই ভিডিয়ো দেখে তাঁদের চোখে জল এসেছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘হৃদয়বিদারক! সৃষ্টিকর্তা যেন কারও কাছ থেকে মায়ের ভালোবাসা কেড়ে না নেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়ো দেখে আমার মন ভেঙে গিয়েছে। চোখে জল চলে এল।’’