Advertisement
E-Paper

ইস্ত্রি, চুল কাটা থেকে জুতো পালিশ, সবই বিনামূল্যে! বিয়েবাড়িতে অতিথিদের জন্য ‘ভিআইপি’ খাতিরের ভিডিয়ো ভাইরাল

বিয়ের অনুষ্ঠানে কিছু অতিথি যখন খাবারে মনোনিবেশ করেছেন, তখন কেউ কেউ তাঁদের জুতো চকচকে করিয়ে নিচ্ছেন। আর অন্য একটি কাউন্টারে কাপড় ইস্ত্রি করে দেওয়া হচ্ছে, এই অভিনব আয়োজন দেখে লোকজন হতবাক হয়ে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৪:২১

ছবি: সংগৃহীত।

ভারতীয় বিয়েতে জমকালো সাজসজ্জা, আলোর বাহার, খাবারের এলাহি আয়োজন, নাচ-গান এ সবই খুব স্বাভাবিক। অতিথিদের আপ্যায়ন করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখে বর বা কনেপক্ষ। খাওয়াদাওয়া, বিনোদনের উপকরণ মজুত থাকে অতিথিসেবায়। তাই বলে চুল-দাড়ি কাটা, জুতো পালিশ, জামাকাপড় ইস্ত্রির কাউন্টার! বিভিন্ন স্বাদের খাবারদাবারের কাউন্টারের পাশাপাশি অতিথিদের জন্য সেই ব্যবস্থাও রাখা হয়েছে একটি বিয়েবাড়িতে। বিয়েবাড়ির সেই দৃশ্যের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ভারতীয় বিয়ের আসরে খাবারের কাউন্টারের পাশাপাশি জুতো পালিশ, ইস্ত্রি এবং চুল কাটানোর জন্য আলাদা কাউন্টার বসানো হয়েছে। এর অর্থ অতিথিরা ভূরিভোজের পাশাপাশি চাইলে নিজেদের চেহারাও সুন্দর করে নিতে পারবেন। বিয়ের অনুষ্ঠানে কিছু অতিথি যখন খাবারে মনোনিবেশ করেছেন, তখন কেউ কেউ তাঁদের জুতো চকচকে করিয়ে নিচ্ছেন। আর অন্য একটি কাউন্টারে কাপড় ইস্ত্রি করে দেওয়া হচ্ছে। এক জায়গায় এক নাপিতকে বসে অতিথিদের চুল ঠিক করে দিতে ও দাড়ি কামিয়ে দিতেও দেখা যায়। এই অভিনব আয়োজন দেখে লোকজন হতবাক হয়ে যান।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘রোশন_সিংহ _চহ্বান ইউপি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা প্রচুর দর্শকের নজর কেড়েছে। ৩৭ হাজারেরও বেশি লাইক পড়েছে তাতে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, যাঁরা তাড়াহুড়ো করে তৈরি হয়ে বিয়েতে এসেছেন, সেই অতিথিদের জন্যই হয়তো এমন ব্যবস্থা রাখা হয়েছে। অনেক নেটমাধ্যম ব্যবহারকারীই বলেছেন যে, এখন বিয়েতে শুধু খাবারই নয়, বরং সম্পূর্ণ ‘মেকওভারের’ সুযোগও দেওয়া হয়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এখন বিয়ের জন্য পার্লারে যাওয়ার আর কোনও প্রয়োজন নেই।’’

Wedding Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy