দুপুরে ভাতঘুম দেওয়ার পর আর কোনও দিকে খেয়াল নেই। ঘণ্টার পর ঘণ্টা গভীর ঘুমে ডুবে ছিল বালক। ঘুম ভাঙতেই ভয় পেয়ে গেল সে। স্কুল যেতে দেরি হয়ে গিয়েছে ভেবে তাড়াহুড়ো করে পোশাক পরে পিঠে ভারী ব্যাগ নিয়ে দৌড় দিল স্কুলের দিকে। বাইরে বেরোনোর কিছু ক্ষণ সে টের পেল যে, চারদিক অন্ধকার। সন্ধ্যা পেরিয়ে রাতও হয়নি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ব্লিঙ্ক_আইটিভি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বালক স্কুলের পোশাক পরে পিঠে ব্যাগ নিয়ে ভরসন্ধ্যায় বেরিয়ে পড়েছে। আসলে, দুপুরে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েছিল সে। বহু ক্ষণ পর ঘুম ভেঙেছে তার। ঘুম থেকে উঠে সে আর কিছুই বুঝতে পারেনি। বার বার সে ভাবছিল, অন্য দিনের মতোই সে রাতে ঘুমোতে গিয়েছিল। পরের দিন সকালে ঘুম ভেঙেছে তার। স্কুল যেতে দেরি হয়ে গিয়েছে দেখে তাড়াহুড়ো করে ইউনিফর্ম পরে, পিঠে ব্যাগ চাপিয়ে স্কুলের দিকে রওনা দিল সে।
বাইরে বেরোনোর পর হুঁশ ফিরল বালকের। চারদিকে অন্ধকার দেখে সে নিজের ভুল বুঝতে পারল। দুপুরে ঘুমোনোর পর তার যে সন্ধ্যায় ঘুম ভেঙেছে তা বুঝতে পেরে আবার বাড়ি ফেরার রাস্তা ধরল সে। বালকের কাণ্ড দেখে প্রতিবেশীরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলেন। কিন্তু বালকের মুখে কোনও কথা নেই। সে চুপচাপ বাড়িতে ঢুকে গেল। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছেলেটা কী সরল! তবে ও বাড়ির সকলের নজর এড়িয়ে এ ভাবে বেরোল কী করে? কেউ কি তাকে খেয়াল করেননি?’’