কনের সাজে গাড়িতে বসেই রয়েছেন পাত্রী। দীর্ঘ ক্ষণ ট্রাফিক জ্যামে আটকে রয়েছে সেই গাড়ি। এত ক্ষণ রাস্তায় অপেক্ষা করলে যে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে! ট্রাফিক জ্যামকে শেষে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি থেকে নেমে মাঝরাস্তায় বাইকচালকের কাছ থেকে লিফ্ট চাইলেন পাত্রী। ভারী লেহঙ্গা পরে বাইকে চেপে বসলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইনস্ট্যান্টবলিউড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, লাল লেহঙ্গা পরে বাইকের পিছনের আসনে বসে রয়েছেন এক তরুণী। এই ঘটনাটি সম্প্রতি গুজরাতের বডোদরার আজওয়া রোডে ঘটেছে। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানগৃহে পৌঁছোনোর জন্য গাড়িতে চেপে বেরিয়েছিলেন পাত্রী। কিন্তু মাঝরাস্তায় ট্রাফিক জ্যামে আটকে পড়েন তিনি।
বহু ক্ষণ অপেক্ষা করার পর ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর। সময়মতো বিয়ের মণ্ডপে পৌঁছোতে না পারলে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে পাত্রীর। তাই ফুল দিয়ে সাজানো গাড়ি থেকে নেমে পড়লেন কনে। এক বাইকচালকের কাছ থেকে লিফ্ট চাইলেন তিনি। লেহঙ্গা পরে বাইকের পিছনের আসনে চেপে বসলেন পাত্রী।
সেই বাইকের পিছনে তাঁর এক আত্মীয়ও আসছিলেন। কনের এই কাণ্ড ক্যামেরাবন্দি করলেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে এক নেটাগরিক লেখেন, ‘‘বুদ্ধিমতির মতো কাজ করেছেন। রাস্তায় তো কোনও জ্যাম ছিল না। বাইকে ওঠার কারণে মনে হয় জ্যাম থেকে বেরিয়ে গিয়েছেন তিনি।’’