বিয়ে করতে বরযাত্রী নিয়ে অনুষ্ঠানগৃহের সামনে পৌঁছে গিয়েছেন হবু বর। ঘোড়ায় চেপে অনুষ্ঠানগৃহের ভিতর প্রবেশ করবেন তিনি। হবু জামাইকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কনেপক্ষ। কিন্তু অনুষ্ঠানগৃহে ঢোকার মুহূর্তে পাত্রকে ‘খেল’ দেখাতে শুরু করল ঘোড়াটি। দু’পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে এগোতে শুরু করল সে। কোনও ভাবেই তাকে বাগে আনা গেল না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভারতীয়ইনলাস্ট২৪এইচআর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ঘোড়ার পিঠে বরের সাজে বসে রয়েছেন এক তরুণ। তরুণকে পিঠে তুলে পিছনের দু’পায়ে খাড়া হয়ে মানুষের মতো হেঁটে হেঁটে অনুষ্ঠানগৃহের দিকে এগিয়ে যাচ্ছে ঘোড়াটি। পাছে হবু স্ত্রী এবং অনুষ্ঠানভর্তি অতিথিদের সামনে নাক কাটা যায়, সেই ভয়ে ঘোড়াটিকে জড়িয়ে ধরে বসেছিলেন পাত্র।
তার পর ঘোড়াটি মনবদল করে আবার স্বাভাবিক ভাবে চার পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘কনেপক্ষের সামনে পাত্রকে মজা দেখাতে চেয়েছিল ঘোড়াটি। কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে না গিয়ে পাত্র নিজের সম্মান বাঁচিয়েছেন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলে পাত্র কিন্তু ভীষণ চোট পেতেন। ঘোড়াটিও লাগামছাড়া দৌড় দিলে অন্য বিপদ হত। খুব বাজে ঘটনা।’’