স্কেটবোর্ড চালানোর প্রশিক্ষণ নিয়েছেন তরুণী। কিন্তু কেরামতি দেখাতে রেলস্টেশনকেই ‘মঞ্চ’ হিসাবে বেছে নিলেন তিনি। স্টেশনের প্ল্যাটফর্মে স্কেটিং করে এ দিক-সে দিক ঘোরাঘুরি করতে লাগলেন তিনি। ক্যামেরা হাতে তরুণীকে সঙ্গ দিচ্ছিলেন তাঁর এক বন্ধু। আসলে, তরুণী স্কেটিং করার রিল বানাতে চাইছিলেন। সে কারণেই তাঁর বন্ধু ক্যামেরা নিয়ে তরুণীর কেরামতির ভিডিয়ো তুলছিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তে তরুণীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটপাড়ার অধিকাংশ।
আরও পড়ুন:
‘মুম্বই নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পিঠে ব্যাগ নিয়ে এক তরুণী খোলা চুলে স্টেশনের প্ল্যাটফর্মে স্কেটবোর্ড চালাচ্ছেন। প্ল্যাটফর্মে স্কেটবোর্ড চালানোর সময় তরুণীর পাশ দিয়ে লোকাল ট্রেন ছুটে বেরিয়ে গেল। তবুও তরুণীর কোনও ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো স্কেটবোর্ড নিয়ে কেরামতি দেখাতেই ব্যস্ত।
জানা গিয়েছে, এই ঘটনাটি সম্প্রতি মুম্বইয়ের দিভা স্টেশনে ঘটেছে। ওই তরুণী মুম্বইয়ের কার্টার রোডের এক প্রশিক্ষণ কেন্দ্রে স্কেটবোর্ড চালানো শেখেন। রেলস্টেশনে স্কেটবোর্ড চালিয়ে রিল বানাচ্ছিলেন তিনি। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে কটাক্ষের শিকার হন তরুণী।
তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এক নেটাগরিক লিখেছেন, ‘‘স্টেশন প্ল্যাটফর্ম স্কেটিং করার আদর্শ জায়গা নয়। তরুণী হেলমেটও পরেননি। অন্য কোনও নিরাপত্তা সরঞ্জামও তাঁর সঙ্গে নেই। কোনও বিপদ হলে দায় কে নিতেন? রিল বানানোর জন্য লোকজন আজকাল প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হন না।’’